স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ফেরার পর বাবার সঙ্গে বচসায় জড়ান উত্তম। এরপরই বাঁশ দিয়ে মারধর শুরু হয়। সেই আঘাতেই মৃত্যু হয় সুভাষের। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশও উদ্ধার করেছে পুলিশ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 September 2025 22:56
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ ছেলের হাতে প্রাণ গেল বাবার! অভিযোগ, খুনের পর রক্তাক্ত দেহের পাশেই নিশ্চিন্তে রাত কাটাল ছেলে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার ইজানগরের ঘটনা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সুভাষ ওঁরাও (৫৪)। বুধবার গভীর রাতে বাড়িতেই খুন হন তিনি। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীরা বাড়িতে ঢুকতেই সামনে আসে বিভীষিকাময় চিত্র। খাটে রক্তাক্ত অবস্থায় পড়ে সুভাষের নিথর দেহ। আর তার পাশেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন বড় ছেলে উত্তম।
স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ফেরার পর বাবার সঙ্গে বচসায় জড়ান উত্তম। এরপরই বাঁশ দিয়ে মারধর শুরু হয়। সেই আঘাতেই মৃত্যু হয় সুভাষের। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশও উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত বড় ছেলে উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ছোট ছেলে গৌতমকেও।
স্থানীয় সূত্রে খবর, প্রায় মাসখানেক আগে অসুস্থতায় মারা যান সুভাষবাবুর স্ত্রী। তারপর থেকেই পরিবারে অশান্তি বাড়ছিল। বড় ছেলে স্থানীয়ভাবে চাষের কাজ করলেও নিয়মিত মদ্যপান করতেন। ছোট ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মুম্বইয়ে।
ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া। তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।