পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি, ঝাঁঝরা শিখ অফিসার, টেক্সাসে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয় শিখদের
দ্য ওয়াল ব্যুরো: টেক্সাসের ট্রাফিক সিগন্যালে নিয়ম ভাঙার জন্য একটি গাড়িকে আটক করেছিলেন সন্দীপ সিং ধালিওয়াল। গাড়ির চালক ছিলেন এক পুরুষ। তাঁর পাশের আসনেই বসে ছিলেন এক মহিলা। তর্কবিতর্কের মাঝে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দ
শেষ আপডেট: 27 September 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: টেক্সাসের ট্রাফিক সিগন্যালে নিয়ম ভাঙার জন্য একটি গাড়িকে আটক করেছিলেন সন্দীপ সিং ধালিওয়াল। গাড়ির চালক ছিলেন এক পুরুষ। তাঁর পাশের আসনেই বসে ছিলেন এক মহিলা। তর্কবিতর্কের মাঝে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দেন। পর পর গুলি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। রক্তাক্ত লুটিয়ে পড়েন সন্দীপ। অজ্ঞাতপরিচয় ওই আততায়ী এবং তার সঙ্গিনীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনাকে ঘিরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে। অপরাধীদের কঠিন শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অনেকেই।
ভারতীয় বংশোদ্ভূত সন্দীপ ধালিওয়াল সিং কর্মসূত্রে টেক্সাসের বাসিন্দা। শিখ হ্যারিস কাউন্টি শেরিফের ডেপুটি সন্দীপ আমেরিকায় শিখদের অধিকার রক্ষায় লড়াই করেছেন। বিশেষত শিখ পুরুষদের দাড়ি আর পাগড়ি নিয়ে তাঁর লড়াই বহুদিনের। পেট্রোলিংয়ের সময়তেও তাঁর মাথায় পাগড়ি দেখা যেত। শেরিফ এড গনজালেজ় বলেছেন, শুধু স্থানীয় শিখ সম্প্রদায় নয়, বহু মানুষের উপকার করতেন সন্দীপ।
কী কারণে সন্দীপের উপর গুলি চালানো হল সেটা খতিয়ে দেখছে পুলিশ। শেরিফ গনজালেজ় জানিয়েছেন, ঘটনার দিন সন্দীপের উপর গুলি চালানোর পরেই বন্দুকধারী পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে। তার পিছু নেয় ওই মহিলাও। সেখান থেকেই দু'জনকে পাকড়াও করা হয়।
গত ১০ বছর ধরে শিখ হ্যারিস কাউন্টির দক্ষ অফিসার সন্দীপ। গনজালেজ় জানিয়েছিলেন, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে পুরোপুরি ঠান্ডা মাথায়, নির্মম ভাবে খুন করা হয়েছে অফিসারকে। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটা আততায়ীদের জেরা করেই জানা যাবে বলে জানিয়েছেন শেরিফ।
