
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 21 January 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: বাসন্তীতে ১২ দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে। অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ-খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে সোমবার তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। কাল যখন আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা হচ্ছে, তার কিছু আগে এই খবর সামনে আসে। এবার সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মেদিনীপুর মেডিক্যালে 'বিষ স্যালাইনে' প্রসূতি ও এক সদ্যোজাতের মৃত্যুর প্রতিবাদে এদিন স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে মিছিল করেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকেই বিজেপি নেতা মমতাকে আক্রমণ করতে গিয়ে বাসন্তীর ঘটনার প্রসঙ্গ টানেন। সুর চড়ান আরজি করের সাজা ঘোষণা নিয়ে মমতার মন্তব্যেরও।
প্রসূতি মৃত্যুর জন্য দায়ী করা জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদে শুভেন্দু বলেন, 'আমরা জাতীয় সম্পদ ডাক্তারদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। হাজার হাজার মানুষকে বিষাক্ত স্যালাইন দিয়েছেন। এতে বহু মানুষের কিডনি নষ্ট হবে। ওই সাসপেনশন আমরা মানি না, সেটা অবৈধ। বিরোধী দলনেতা হিসেবে আমি আমার কর্তব্য পালনের কিছুটা চেষ্টা করছি। এটাই বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই।'
আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি অসন্তুষ্ট। সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবেন। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আজ রাজ্যের তরফে অপরাধীর সর্বোচ্চ সাজার আরজি জানিয়ে মামলার আবেদন করা হয়েছে। সেই মামলার অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিনের মিছিল থেকে শুভেন্দু মমতার উদ্দেশে এ ব্যাপারে বলেন, 'ও সব ড্রামাবাজি। বাসন্তীতে আ২ দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে শিশুকন্যা, বোন, দিদি, মায়েদের রক্ষা করার ব্যবস্থা করুক। এসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজ সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব। তাঁর বাবা মার সঙ্গে দেখা করে যা আইনি লড়াই হবে তা কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে লড়াই করব।'
প্রসঙ্গত, গতকালই সঞ্জয়ের সাজা ঘোষণার পর শুভেন্দু মন্তব্য করেন, যে অপরাধীকে 'ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। আর এদিনও একই মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শোনা গেল বিরোধী দলনেতার গলায়।