
সিম বক্স কাণ্ডে আরও গ্রেফতারি
শেষ আপডেট: 22 May 2024 23:06
দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক কল লোকাল কলে কনভার্ট করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলো কিছু অসাধু ব্যবসায়ী। এই খবর পাওয়ার পরই এক যুবকের দোকানে অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির।
পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এইভাবে কল করা হত বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত ১৬ মে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জটিয়াকালি এলাকায় সাব্বির আলি নামে এক যুবকের দোকানে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল। সেই অভিযানে গিয়ে তারা উদ্ধার করে তিনটি সিমবক্স, কম্পিউটার ও বেশ কিছু সামগ্রী। অভিযুক্ত সাব্বির রাজগঞ্জের সন্যাসীকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। সেই মতোই গত মঙ্গলবার রাতে ফের অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকার বাসিন্দা দয়াল বর্মন ও মাটিগাড়া থানার বাসিন্দা রাজু রায়কে গ্রেফতার করে তারা। ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানায় শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।
ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতে সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চ্যাটার্জি বলেন সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক কলকে লোকাল কলে কনভার্ট করায় ভারত সরকারের প্রচুর পরিমানে রাজস্বের ক্ষতি হচ্ছিল। মূল অভিযুক্ত এই চক্র মূলত বাংলাদেশ থেকে চালাত। বাংলাদেশের সঙ্গেই টাকা লেনদেন করা হত। দয়াল বর্মনকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। আর রাজু রায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।