
শেষ আপডেট: 6 March 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: বারাসতের জনসভায় সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রীকে নিজেদের অভাব অভিযোগ জানাতে রওনা হন সন্দেশখালিবাসী। বাসে, নৌকায় চেপে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের সভাস্থলের দিকে রওনা দেয় বিজেপি। এদিকে মাঝপথে সন্দেশখালিবাসীকে আটকাল পুলিশ।
প্রথমে নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে সন্দেশখালির গ্রামের বাসিন্দাদের বাস আকটানোর হয়। এরপর ফের এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে তাঁদের বারাসত যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা আটকানোর কারণে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর এয়ারপোর্ট থেকে সড়কপথে বারাসত যাওয়ার কথা ছিল। তাই যশোর রোড যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। প্রধানমন্ত্রীর যাত্রার কারণেই বিজেপি কর্মীদের বাস আটকানো হয় বলে জানায় পুলিশ।
মাস দু'য়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। সকাল সকাল সন্দেশখালির ঘাটে জড়ো হন মহিলারা। কীভাবে তাঁরা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানানোর পরিকল্পনা রয়েছে গ্রামবাসীদের। সন্দেশখালির কথা নিজের দলের প্রতিনিধিদের কাছে বারবার শুনেছেন মোদী। তবে এবার সন্দেশখালির মানুষের থেকেই তাঁদের অভিযোগের কথা শুনতে চান তিনি।
আরামবাগ ও কৃষ্ণনগরের পর চলতি মাসে রাজ্যে বুধবার মোদীর তৃতীয় জনসভা। আগের দু’টি সভাতেই সন্দেশখালি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে বারাসত বসিরহাটের পাশের লোকসভা কেন্দ্র। যে বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি। রাজনৈতিক মহলের ধারণা, বারাসতের সভা থেকে মোদী সন্দেশখালি নিয়ে সুর চড়াবেন।