
শেষ আপডেট: 30 December 2022 08:26
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার প্রাথমিক আঘাত সামলে উঠেছেন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। তবে তাঁর চোট বেশ গুরুতর। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। এমরআই-সহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা চলছে তাঁর।
বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই জানিয়েছে, কপালে, পিঠে হাঁটুতে একাধিক আঘাত (Injuries) পেয়েছেন ঋষভ। এক বিবৃতিতে বোর্ড বলেছে, 'ঋষভ পন্থের কপালের দু'জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতেও। তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের রয়েছে।'
ইতিমধ্যেই ঋষভের দুর্ঘটনার পরে তাঁর ও তাঁর পরিবারের পাশে সবরকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের সচিব জয় শাহ (Jay Shah) ঋষভের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন ঋষভের শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা ওঁর শারীরিক অবস্থা নজরে রাখছি। আমরা সবরকম প্রয়োজনীয় সাহায্য করব।’
জানা গেছে, সদ্য বাংলাদেশ সিরিজ শেষ করে পন্থ বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন উত্তরাখণ্ডে। সেখানেই তিনি তাঁর বোন এবং মহেন্দ্র সিং ধোনি-সহ দলের অন্য সদস্যদের সঙ্গে বড়দিন পালন করেন। সোশাল মিডিয়ায় তার ছবিও তিনি শেয়ার করেন। এর পরেই আজ, শুক্রবার, দিল্লিতে তাঁর পরিবারকে চমকে দিতে দ্রুত বাড়ি ফিরছিলেন নিজে গাড়ি চালিয়ে।
সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। রুরকির কাছে তিনি ধাক্কা মারেন ডিভাইডারে। তার পরেই গাড়িতে আগুন লেগে যায়। তারপর কোনওরকমে জানলার কাচ ভেঙে বের হন পন্থ। জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ঋষভের মার্সিডিজ ডিভাইডারে লেগে জ্বলে গেল! ভয়াবহ ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা