দ্য ওয়াল ব্যুরো: উনিশের ভোটে সরগরম ভারতের বাজার। এমন সময় নিজেদের ব্র্যান্ডের খেল দেখাতে তৎপর সব নামী সংস্থাই। চলতি মাসেই তাদের সবচেয়ে কম দামি কিন্তু আকর্ষণীয় ফিচারের একগুচ্ছ নতুন মডেল নিয়ে ভারতের বাজারে ঝাঁপাতে চলেছে স্যামসাং, শাওমি, নোকিয়া-সহ বেশ কয়েকটি সংস্থা। শাওমির নতুন ফোন রেডমি নোট ৭ প্রো নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বাজারে। ফিচার কী হবে, দাম কী হবে তাই নিয়ে আলোচনারও শেষ নেই। উৎসাহী ক্রেতাদের চমকে দিতে শাওমি জানিয়েছে, আগামিকাল ১০ এপ্রিলই রেডমি সিরিজের এই নতুন মডেল ভারতের বাজারে লঞ্চ করছে তারা।
এর আগে ফেব্রুয়ারিতে রেডমি নোট ৭ লঞ্চ করেছে ভারতে। তারই আরও আপডেটেড ভার্সন রেডমি নোট ৭ প্রো লঞ্চ করতে চলেছে আগামিকাল। শাওমি জানিয়েছে, সমস্ত অনলাইন স্টোরেই পাওয়া যাবে এই মডোল। ৪ জিবি ও ৬ জিবি র্যামের এই ফোন বাজারে আসা মাত্রই তুরন্ত বুক করতে কোমর বেঁধে প্রস্তুত ক্রেতারা।
এক ঝলকে দেখে নিন কী কী ফিচার থাকছে নতুন মডেলে
অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসরের এই ফোনটি ডিসপ্লে স্ক্রিন ৬.৩ ইঞ্চির। স্লিক ঝাঁ চকচকে মডেলটির ডিসপ্লে ১০৮০x২৩৪০ পিক্সেলের। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের এই ফোনটির ডিসপ্লে অ্যাসপেক্ট ১৯.৫.৯।
আকর্ষণীয় হলো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি। দু’টি রিয়ার এবং একটি ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এত হাই কোয়ালিটির রিয়ার ক্যামেরা এর আগে রেডমির কোনও মডেলে তেমন ভাবে দেখা যায়নি। সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং অবশ্যই ঝকঝকে সেলফির জন্য রয়েছে অসংখ্য ফিচার।
রেডমি নোট ৭ প্রো পাওয়া যাবে দু’টি মডেলে। ৪ জিবি র্যামের ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবির। ৬ জিবি র্যামের মডেলে ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবির, তবে মাইক্রো এসডি কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।


ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ, ইউএসবি (টাইপ সি-পোর্ট) তো রয়েছেই। ব্যাটারি ক্ষমতাও মন্দ নয়, ৪,০০০ মিলি অ্যাম্পিয়ারের।
এ বার দামের কথায় আসা যাক। পকেট বাঁচিয়ে ৪ জিবি র্যামের ফোন কিনতে হলে দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। আর একটু কোয়ালিটি বাড়াতে চাইলে কিনতে পারেন ৬জিবি র্যামের মডেল। সে ক্ষেত্রে দাম পড়বে ১৬,৯৯৯ টাকা। নেপচুন ব্লু, নেবুলা রেড এবং কালো— আপাতত এই তিন রঙেই মিলবে রেডমির নোট ৭ প্রো।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-redmi-go-samsung-galaxy-j2-core-nokia-1-best-smartphones-to-buy-under-rs-5000-in-april-2019/