
শেষ আপডেট: 8 April 2024 08:15
দ্য ওয়াল ব্যুরো: তিন মাস আগে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন সঙ্গীতশিল্পী রশিদ খান। কিন্তু রবিবার রাতের দিকে ঘটল এক অদ্ভুত ঘটনা। তাঁরই ইনস্টাগ্রাম পেজে দেখা গেল লোকসভা নির্বাচনের প্রচার সংক্রান্ত বিশেষ পোস্ট। যে পোস্টে প্রথমবার ভোটদানের পক্ষে উৎসাহ জোগানো হয়েছে। আচমকা প্রয়াত শিল্পীর প্রোফাইলে ভোটের প্রচারের পোস্ট দেখে খানিকটা চমকে গিয়েছেন নেটাগরিকরা।
যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি ভেসে উঠেছে, তাতে ব্লু টিকও আছে। ফলোয়ারের সংখ্যা ৬৯,০০০-র বেশি। আর সেই পোস্ট দেখে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছেন, 'অনৈতিক-বেআইনি', কেউ আবার জানাচ্ছেন, 'ধিক্কার'। কারোর মতে, 'চূড়ান্ত অসংবেদনশীল'।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ইনস্টাগ্রামে ওই পোস্ট রয়েছে। যে পোস্টে উস্তাদের ছবি সহ লেখা হয়েছে, ‘(দেশের নাগরিক) হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ভোটাধিকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক যুবক-যুবতী ভোট দেবেন। তাই আমি সব মানুষকে আর্জি জানাচ্ছি যে তাঁরা যেন নিজেদের ভোটার কার্ড গুছিয়ে রাখেন এবং বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব উদযাপনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশেষত যুব সম্প্রদায়কে (সেই আর্জি জানাচ্ছি)।’
View this post on Instagram
সেইসঙ্গে একটি সংস্থাকেও ওই পোস্টে ধন্যবাদ জানানো হয়েছে। যে সংস্থা ‘আমার প্রথম ভোট’ (#MYFirstVote) কর্মসূচি চালু করেছে। সংস্থাটি ইনস্টাগ্রাম পেজে দেখা গিয়েছে যে ‘আমার প্রথম ভোট’ কর্মসূচির আওতায় ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা, অভিনেতা বোমান ইরানি, অভিনেতা রিধি ডোগরা, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতো তারকাদের নাম করেও পোস্ট করা হয়েছে।
জানা গেছে, রশিদ খানেরও পরিবারও পোস্টটির বিষয়ে জানতেন না। নেটাগরিকদের মতো তাঁরাও বিষয়টি জেনে বেশ অবাকই হয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নির্বাচনী প্রচারমূলক পোস্টকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অবিলম্বে পোস্টটি মুছে দেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে।