
তৈরি হচ্ছে ১১০ ফুটের দুর্গা।
শেষ আপডেট: 3 October 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: একই রাজ্যে দুই চিত্র।
নদিয়ার রানাঘাটে ১১২ ফুটের দুর্গামূর্তি তৈরিতে আপত্তি জানিয়েছিল প্রশাসন। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু মামলা লড়ার সামর্থ্য না থাকার কারণ দেখিয়ে পিছিয়ে এসেছে পুজো কমিটি। হচ্ছে না ১১২ ফুটের দুর্গামূর্তি।
সোদপুরে নির্যাতিতার বাড়ির অদূরে অবশ্য অন্য ছবি। পানিহাটির ধানকল বাসস্ট্যান্ড সংলগ্ন পুজো কমিটি এবারে ৭৫ তম বর্ষে পা দিয়েছে। ফাইভার দিয়ে ১০০ ফুট উচ্চতার দুর্গা গড়া হচ্ছে এখানে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে জনমানসে। অনেকের প্রশ্ন, সোদপুরে যদি ১১০ ফুটের দুর্গা তৈরি হতে পারে তাহলে রানাঘাট কি দোষ করল?
এ ব্যাপারে প্রশাসনের দাবি, রানাঘাটের পুজোর ক্ষেত্রে মণ্ডপের আশেপাশে যথেষ্ট জায়গা ছিল না। ফলে প্রতিমা দেখতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হলে পদপৃষ্টের আশঙ্কাও ছিল। তাই অনুমতি দেওয়া হয়নি।
পানিহাটির সংশ্লিষ্ট পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস অবশ্য বলেন, এতবড় দুর্গা এর আগে আমাদের এলাকায় তৈরি হয়নি।
উদ্যোক্তাদের দাবি, তাঁদের প্রতিমা যেমন বড় হচ্ছে তেমন মানুষের দেখার জন্য মণ্ডপের আশেপাশে যথেষ্ট জায়গাও রয়েছে।
প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে এবারে পুজোয় অংশ নেবেন না বলে অনেকেই সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিলেন। যদিও বুধবার মহালয়ার দিনেই লেকটাউনের শ্রীভূমিতে দেখা গিয়েছিল উপচে পড়া মানুষের ঢল। এমনকী কলকাতার স্টাইলে এবারে মহালয়ার দিনেই জেলায় অন্তত ৪০০টি পুজোর উদ্বোধন হয়েছে।
ফলে নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ৫ কিমির মধ্যে ১০০ ফুটের দুর্গা নিয়ে অনেকে যেমন প্রশ্ন তুলছেন তেমন অনেকে এও বলছেন যে উৎসবের সঙ্গে বিচারকে গুলিয়ে দেওয়া ঠিক নয়। দুটোই চলবে নিজস্ব নিয়মে।