মৃতার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 July 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের (Birbhum) সদাইপুর থানা এলাকায় এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বাবার সঙ্গে মেলায় গিয়েছিলেন বছর ত্রিশের ওই যুবতী (Death)। সেখান থেকে ভিড়ে হারিয়ে যান তিনি। রাতভর খোঁজাখুঁজির পরও মেলেনি কোনও খোঁজ। শনিবার সকালে এক নির্জন জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
স্থানীয় বাসিন্দারা সদাইপুরের রাধামাধবপুর গ্রামের কাছে একটি জঙ্গলে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। পাশে পড়ে ছিল একটি জলের বোতল, একজোড়া চটি এবং একটি রুমাল। যুবতীর গলায় ওড়নার ফাঁস লক্ষ্য করা যায় বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পরে পুলিশ খবর দেয় পরিবারের কাছে। তাঁরা এসে দেহ শনাক্ত করেন। জানা যায়, শুক্রবার ওই যুবতী তাঁর বাবার সঙ্গে দুবরাজপুরে একটি মেলায় গিয়েছিলেন। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
মৃতার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘ধর্ষণের অভিযোগ এসেছে। তাই ময়নাতদন্তের রিপোর্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্ত চলছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’’
এদিকে, এমন ঘটনা ঘিরে আতঙ্কে এলাকার মানুষ। দ্রুত দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা জানান, এমন ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।