
শেষ আপডেট: 10 October 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: উত্তর হাওড়ার সালকিয়ায় রহস্যজনক মৃত্যু হল এক প্রোমোটারের। মঙ্গলবার সকালে তাঁর পাঁচতলা ফ্ল্যাটবাড়ির নীচ থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
সালকিয়ার কালীতলা লেনের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন দেবাশিস বর্মন (৪৫)। সঙ্গে থাকতেন স্ত্রী এবং মেয়ে। ওই এলাকায় বেশ কয়েকটি ফ্ল্যাটবাড়ি নির্মাণ করেছেন দেবাশিস। তাঁর স্ত্রী জানিয়েছেন, গতকাল রাত দশটা নাগাদ ঘরে ফেরার পর খাওয়া-দাওয়া করেন। এরপর নিজের ঘরে শুতে যান। সকাল সাড়ে ছটা নাগাদ তার স্ত্রী লক্ষ্য করেন ঘরে নেই তাঁর স্বামী দেবাশিস। ঘরের পাশে বারান্দা থেকে নীচে উঁকি মেরে দেখেন মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্বামী। সঙ্গে সঙ্গে তিনি তার আত্মীয় এবং প্রতিবেশীদের খবর দেন। ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেবাশিসের স্ত্রী রেখা বর্মন জানিয়েছেন, ইদানিং ব্যবসায় গন্ডগোল চলছিল। পাওনাদারেরা টাকার জন্য বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে তিনি কোনও নাম বলতে পারেননি। তিনি জানান, স্বামীর সঙ্গে ব্যবসার ব্যাপারে বিশেষ কোনও আলোচনা হত না তাঁর।
গোলাবাড়ি থানার পুলিশ জানায়, বাজারে ওই প্রোমোটারের অনেক টাকা ধার হয়ে গেছিল। প্রোমোটিং ব্যবসা ছাড়াও কলকাতার এক হোটেলে ড্যান্স ফ্লোর চালাতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই প্রোমোটার পাঁচতলা ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এটা দুর্ঘটনা হতে পারে। তাঁর মাথার পেছনে আঘাত রয়েছে। যেহেতু বারান্দায় কোনও ফেন্সিং ছিল না সেই কারণে মদ্যপ অবস্থায় তিনি ওপর থেকে নীচে পড়ে যান। এমনটা হতেই পারে। পুলিশ তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।