
শেষ আপডেট: 24 May 2022 16:49
দ্য ওয়াল ব্যুরো: এভারেস্টের পর এবার লোৎসের চূড়াও আরোহণ করলেন চন্দননগরের তরুণী পিয়ালী বসাক (Piyali Basak)। তিনি এভারেস্টের অভিযানে বেরনোর আগে পর্যন্ত অনিশ্চয়তা ছিল শৃঙ্গ অভিযান হবে কি হবে না। ছিল টাকার বাধাও। কিন্তু সব বাধা পার করে বিনা অক্সিজেনেই এভারেস্ট শৃঙ্গের দিকে রওনা দিয়েছিলেন পিয়ালী। কিন্তু শৃঙ্গে পৌঁছনোর শেষ ৪০০ মিটার তিনি বিনা অক্সিজেনে যেতে পারেননি। তাঁকে অতিরিক্ত অক্সিজেন নিতে হয়।
এভারেস্ট থেকে নামার পর স্নো ব্লাইন্ডনেস হয়েছিল পিয়ালীর (Piyali Basak)। এটি একটি উচ্চতাজনিত সমস্যা। তারপরেও তিনি থেমে থাকেননি। সমস্ত বাধা পার করে লোৎসে শৃঙ্গের দিকে রওনা দেন তিনি। আরোহণ করেছেন সেই শৃঙ্গও।
আরও পড়ুন: একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে পাহাড়চুড়ো! পিয়ালীর এভারেস্ট সামিট যেন টানটান স্নায়ুযুদ্ধ
পরপর দুটি শৃঙ্গে আরোহণ করে রীতিমত নজির গড়েছেন এই বঙ্গতনয়া। জানা গেছে, সোমবার সকাল ১১টা নাগাদ ক্যাম্প ফোর থেকে বেরিয়েছিলেন পিয়ালী। এজেন্সি মারফত সন্ধেতেই তাঁর শৃঙ্গে আরোহণের খবর আসে। পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে, যার উচ্চতা ৮৫১১ মিটার। দু’দিন আগে বাড়ির বড় মেয়ের এভারেস্টের চূড়ায় ওঠার খবর পেয়ে গর্বিত তাঁর মা স্বপ্না দেবী।
পিয়ালী একসঙ্গে দুটি শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। শত প্রতিবন্ধকতার পরেও সেই লক্ষ্য পূরণ হয়েছে। এতে খুশি তাঁর পরিবারও।
আরও পড়ুন: এভারেস্টের শেষ ৪০০ মিটার! সামিট হলেও, অক্সিজেন-বিহীন রেকর্ড গড়ার স্বপ্ন অধরা পিয়ালীর
পিয়ালীই প্রথম বাঙালি মহিলা যিনি সব মিলিয়ে চারটি আট হাজার মিটারের শৃঙ্গে আরোহণ করলেন, যা একটি রেকর্ড। ২০১৯-এ তিনি জয় করেছিলেন মাউন্ট মানাসলু। ২০২১ সালে মাউন্ট ধৌলাগিরি জয় করেন পিয়ালী। এরপর ২০২২ সালে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনি উঠলেন মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসেতে।