
ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: সাংসদ হাজি নুরুলের (Haji Nurul Islam) মৃত্যুর পর এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে (Basirhat) নির্বাচন হয়নি। তাই এবার সেই কেন্দ্রে উপনির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। স্থানীয় ১৪ জন বাসিন্দা ভোট চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। দ্রুত মামলার শুনানি চেয়ে আবেদন করা হয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।
২০২৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নরুল ইসলাম। তবে কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সাংসদের মৃত্যুর পর ৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও নির্বাচনের ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, এতদিন ধরে এলাকা সাংসদহীন থাকায় স্থানীয়দের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। তাই অবিলম্বে ভোট হওয়া উচিত।
গত লোকসভা ভোটে বসিরহাটের দিকে আলাদা নজর ছিল সকলের। কারণ সন্দেশখালির ঘটনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তারপর এই কেন্দ্রের ফলাফল কী হয়, তা জানতে উৎসুক ছিলেন প্রত্যেকেই। বিজেপির তরফে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালিরই বাসিন্দা রেখা পাত্রকে। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। ওই কেন্দ্রে বিরাট ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল হাজি নুরুল। তবে সেই জয়ের রেশ বেশি সময় পর্যন্ত উপভোগ করতে পারেননি তিনি। গত বছরই ২৫ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। দীর্ঘদিন লিভার ক্যানসার ভুগছিলেন তিনি।
বসিরহাটের সাংসদের মৃত্যুর পর গত বছরের অক্টোবরেই রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই উপনির্বাচন হয়েও গেছে। তবে বসিরহাট লোকসভার উপনির্বাচনের কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি কমিশন। তাই নিয়ে এখন ক্ষোভ বাড়ছে বসিরহাটের মানুষের।