
শেষ আপডেট: 21 February 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ট্যাংরায় একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার ঘিরে গোটা রাজ্যে ঝড় উঠেছে। তারমধ্যেই শুক্রবার সকালে বীরভূমের মহম্মদবাজারে গলাকাটা দেহ উদ্ধার হল মা ও তার দুই নাবালক সন্তানের। ঘটনা জানাজানি হতেই খুনিকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা।
মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন লক্ষ্মী মাড্ডি (২৫)। লক্ষ্মীদেবীর স্বামী দুর্গাপুরে শ্রমিকের কাজ করেন। শুক্রবার সকালে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। পরে দেখতে পান ঘরের ভিতর পড়ে রয়েছে মা ও তাঁর ২ নাবালক সন্তানের দেহ। স্থানীয়রা জানান, লক্ষ্মী ও তাঁর মেয়ে রূপালীর দেহ পড়েছিল খাটের ওপরে। খাটের নীচ থেকে মেলে ৮ বছরের অভিজিতের দেহ। তিন জনের দেহেই আঘাতের চিহ্ন।
ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তুমুল বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখে বিক্ষোভ আরও তীব্র হয়। খুনিকে গ্রেফতার করা না হলে মৃতদেহ ছাড়া হবে না বলে দাবি করতে থাকেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার আমনদীপ। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
স্থানীয়দের বক্তব্য, রাতে ঘুমন্ত অবস্থায় লক্ষ্মীদেবী ও তাঁর ২ সন্তানকে খুন করে রেখে গিয়েছে কেউ বা কারা। ঘটনার তদন্তে নেমে লক্ষ্মীর স্বামীকে খুঁজছে পুলিশ।