
শেষ আপডেট: 4 April 2023 17:30
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দিনকয়েক আগে হেলিকপ্টার টোটো বানিয়ে চমকে দিয়েছিলেন চাকদহের এক টোটোচালক। আর এবার সাধারণ মানুষের জন্য একটা আস্ত টোটোকে শববাহী গাড়িতে (hearse toto) রূপান্তরিত করলেন জলপাইগুড়ির (Jalpaiguri) এক স্বেচ্ছাসেবী সংস্থার (Voluntary organization) প্রধান অঙ্কুর দাস।
করোনাকালে টোটো অ্যাম্বুলেন্স বানিয়ে জেলাজুড়ে হইচই ফেলে দিয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি। এবার তারা বানিয়ে ফেলেছে শববাহী টোটো। জানা গিয়েছে, এই টোটো চলবে সৌর বিদ্যুতের সাহায্যে। পেট্রোলের বদলে সৌরচালিত এই শববাহী গাড়ি গরীব মানুষের আরও কল্যাণে লাগবে। বিনামূল্যেই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্তা অঙ্কুর দাস।
মাসকয়েক আগে জলপাইগুড়ির শবদেহ কাণ্ড সামনে এসেছিল। মায়ের মৃত্যুর পর টাকার অভাবে শববাহী গাড়ি জোগাড় করতে পারেননি গরিব ছেলে। তাই মৃতদেহ কাঁধে নিয়েই শ্মশানের পথে হাঁটা শুরু করেছিলেন। সেই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। সেসমহ গ্রিন জলপাইগুড়ি নামে ওই সংস্থা মৃতদেহ সৎকারে এগিয়ে আসে।
তাঁদের সাহায্যেই শববাহী গাড়ি জোগাড় করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনাকে সাজানো বল অভিযোগ তোলে জলপাইগুড়ি প্রাইভেট অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয় সংস্থার সম্পাদক অঙ্কুর দাসকে। যদিও পরে তিনি জামিনে ছাড়া পান। তবে এতকিছুর পরেও অঙ্কুর দাস বিনামূল্যে অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ির পরিষেবা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু বর্তমানে পেট্রোল-সহ অন্যান্য জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বিনামূল্যে এই পরিষেবা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছিল ওই সংস্থার কাছে। এই পরিস্থিতিতে অঙ্কুর দাসের মাথায় আসে যদি একটি টোটোকে শববাহী গাড়ির আদলে বানিয়ে তাতে সোলার সিস্টেম লাগিয়ে দেওয়া যায়, তবে খরচ লাগবে না। এর ফলে বিনামূল্যে পরিষেবাও বজায় রাখা যাবে।
এরপর তিনিই উদ্যোগ নিয়ে সংস্থার সদস্যদের সঙ্গে আলোচনা করেন। হিসাব করে দেখা যায়, শববাহী টোটো তৈরির জন্য খরচ হবে প্রায় আড়াই লাখ টাকা। এমন সাধু উদ্যোগের কথা শুনে আংশিক অর্থ সাহায্য নিয়ে এগিয়ে আসে এলাকারই এক পরিবার। এরপর দু'পক্ষের যৌথ উদ্যোগে মাত্র সাত দিনের মধ্যে তৈরি করে ফেলা হয় শববাহী টোটো। মঙ্গলবার সেই টোটোর পুজো সেরে ফেলার পর বর্তমানে পরিষেবা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত গ্রিন জলপাইগুড়ি।