
শেষ আপডেট: 1 April 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্য শরীর দিয়ে মাপা যায় নাকি মানসিকতা দিয়ে এই প্রশ্ন ইদানীং সবচেয়ে আলোচিত কিছু প্রশ্নের মধ্যে একটি। বয়স বাড়লে বাহ্যিক সৌন্দর্য চলে যায় এমনটাই মনে করেন সকলেই। একটা বয়সের পর নিজের সুন্দর মুখকে অন্তরালে ঢেকে ফেলেন অনেক নামকরা সুন্দরীই।
বরাবরই প্রচলিত ভাবনাগুলোকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে 'ভোগ' (vogue) পত্রিকা। ভোগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক (aged) মডেলের ছবি ছাপা হয়েছে ২০২৩ এর এপ্রিল সংখ্যায়। মডেলের বয়স শুনলে চমকে যাওয়ার কথা সকলেরই। ১০৬ বছর বয়সি ফিলিপিন্সের এক ট্যাটু শিল্পীকে বানানো হয়েছে 'ভোগ' এর মুখ।
পেশায় ট্যাটু শিল্পী হোয়াং ওড ওরফে মারিয়া ওগি ছোট থেকেই নিজে হাতে ট্যাটু এঁকে দেন শরীরে। বাবার থেকেই শিখেছেন ট্যাটু আঁকতে। বয়স ১০০ পেরোলেও আজও ট্যাটু আঁকায় বিরাম নেই মারিয়ার। যে সঙ্গীরা একই সঙ্গে ছবি আঁকতেন মানুষের শরীরে তাঁরা কেউই আর বেঁচে নেই। শুধু রয়ে গেছেন মারিয়া।
যতদিন দৃষ্টিশক্তি সচল থাকবে ততদিনই নিজের শিল্পের ছাপ রেখে যেতে চান ১০৬ বছরের এই মানুষটি। সেই সঙ্গে পরের প্রজন্মকেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন ট্যাটু শিল্পের। ফলে, তাঁর মৃত্যু হলেও ছবিরা বেঁচে থাকবে পরবর্তী প্রজন্মের হাত ধরে।
মারিয়ার এই ভাবনাই অবাক করেছিল ভোগ পত্রিকার মুখ্য সম্পাদক বি ভালডেসকে। ফলে, এপ্রিল সংখ্যায় তাঁকেই পত্রিকার কভারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মনুষ্যত্বের আসল সৌন্দর্য যে বয়সে নয়, লুকিয়ে সংস্কৃতিতে এই কথাই যেন বোঝাতে চান মারিয়ার মাধ্যমে ভোগ পত্রিকা।
৪১ বছর বয়সে ৫০০ সন্তানের বাবা! নেদারল্যান্ডসের 'ভিকি ডোনার'কে থামার নির্দেশ ডাক্তারদের