
শেষ আপডেট: 12 July 2023 06:16
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সিপিএম প্রার্থীদের জিতিয়ে (winning CPM candidates) মৃত রাজিবুল হককে (Rajibul Haq) শ্রদ্ধা জানালেন (Tribute) গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৯। এর মধ্যে ১৩ টি আসন জিতে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতা দখল করল। কিন্তু অমরপুরের বিষ্ণুপুর গ্রামে দু'টি বুথে জয়ী হলেন সিপিএমের প্রার্থীরা।
শনিবার পঞ্চায়েত ভোটের আগেরদিন বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র উত্তাল হয়ে উঠেছিল সিপিএম-তৃণমূল সংঘর্ষে। সেই সংঘর্ষে জখম সিপিএমের কর্মী রাজিবুল শেখের মৃত্যু হয় পরের দিন সকালে। আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের সেই বিষ্ণুপুর গ্রামে তিনটি আসনের মধ্যে দু'টিতেই জয়ী হলেন সিপিএমের প্রার্থীরা। এই গ্রামে কিছুটা পিছিয়ে পড়তে হল শাসকদল তৃণমূল কংগ্রেসকে।
বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ছিল ছিল অমরপুর পঞ্চায়েতের ৭, ৭ এর ‘ক’ এবং ৮ নম্বর আসনের ভোটকেন্দ্র। ভোটের আগেরদিন অর্থাৎ শুক্রবার বিকেলে এখানেই তুমুল সংঘর্ষ বাঁধে তৃণমূল ও সিপিএম সমর্থকদের। এই সংঘর্ষে গুরুতর জখম হন সিপিএম কর্মী রাজিবুল শেখ। ভোটের দিন অর্থাৎ শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিহতের ভাই শেখ আজাহারউদ্দিন।
মঙ্গলবার ভোটের ফলাফলে দেখা যায় বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে যে তিনটি আসনে নির্বাচন হয়েছিল তার মধ্যে দু'টিতেই সিপিএমের প্রার্থীরা জয়ী হয়েছেন। তার মধ্যে অমরপুর পঞ্চায়েতের ৭ এর ‘ক’ আসনে সিপিএম প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিন পান ৫৯৩ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী এবাদত শেখ পেয়েছেন ৩৬৭ টি ভোট। ৭ নম্বর আসনে সিপিএমের প্রার্থী মাসকুরা খাতুন পেয়েছেন ৫৭২ টি ভোট। তৃণমূল প্রার্থী ডলি বাগদি পেয়েছেন ৩৬৭ টি ভোট। ৮ নম্বর আসনে সিপিএম প্রার্থী সাদেক আলি মাত্র ৫ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে।
সিপিএম নেতা সাদেক আলি বলেন, “আমি নিজে অল্প ব্যবধানে হারলেও এলাকার মানুষ আমাদের দলের পক্ষেই রায় দিয়েছেন। মানুষ এই হিংসাকে মেনে নেননি। অমরপুর অঞ্চলে আগে বিরোধীরা একটিও আসনে আগে জিততে পারেননি। শাসকদলের সন্ত্রাসের কাছে নতিস্বীকার করতে হয়েছিল মানুষকে। সেখানে অমরপুর অঞ্চলে আমাদের দল ৫ টি আসনে জিতেছে। এটাই আমাদের বড় জয়।”
তৃণমূল কংগ্রেসের অমরপুর অঞ্চলের সহ সভাপতি শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, “মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। অমরপুর পঞ্চায়েতে মানুষ আমাদের জিতিয়েছেন। উন্নয়নের পক্ষেই মানুষ রায় দিয়েছেন। আমরাও মানুষের পাশে আছি।” আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর পঞ্চায়েতের মোট ১৯ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ১৩ টি আসনে। সিপিএম পাঁচটি এবং বিজেপি একটি আসনে জয়ী হয়েছে।
বিজেপি প্রার্থী কাঁদছিলেন বাক্স না দেখে, তৃণমূল খুঁজে এনে দিলে, জেতার পর পাঁ ছুঁয়ে প্রণাম