
শেষ আপডেট: 21 November 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বন্দেভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। দিদির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় দশম শ্রেণির ওই স্কুল ছাত্রীর।
সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে মালদার সামসি রেলগেটের কাছে। জানা গেছে, মৃত স্কুলছাত্রীর নাম বাসন্তী মণ্ডল। বয়স ১৬ বছর। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া গ্রামে তার বাড়ি। এদিন দিদি ও জামাইবাবুর সঙ্গে বাইকে চেপে মালদহের ভুতনি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। সামসি রেলগেটের কাছে রেললাইনের ধারে শৌচকর্ম করতে যাওয়ার সময় হঠাৎ ডাউন বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, ভুতনি থেকে ইটাহার যাওয়ার পথে সামসি রেলগেটের কাছে শৌচকর্ম করতে যাচ্ছিল বাসন্তী। রেললাইনের ধার ধরে খানিকটা এগোতেই হঠাৎ করে ডাউন বন্দেভারত এক্সপ্রেস ঢুকে পড়ে। কিছু বোঝার আগেই ধাক্কা মেরে চলে যায় ওই কিশোরীকে। বিষয়টা আঁচ করেই ঘটনাস্থলে ছুটে আছে রেল পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নামে ওই ছাত্রীর পরিবারে।