
শেষ আপডেট: 9 July 2023 08:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোটের (Panchayat Election2023) পরের দিনই বিজেপির সড়ক অবরোধকে ঘিরে উত্তপ্ত হল নন্দকুমার (Purba Medinipur)। রবিবার সকালে ব্যালট লুঠের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হলদিয়া রাজ্য সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলতে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে।
বিজেপির অভিযোগ, ভোট শেষ হওয়ার পর নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুরে ডিসিআরসি সেন্টারে ব্যালট বক্স নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতের অন্ধকারে তৃণমূল ব্যালট বাক্স পাল্টে দেয়। তাই তাঁরা পুর্ননির্বাচনের দাবি জানিয়েছে।
যদিও এই ঘটনা নিয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ ভোট নিয়ে অশান্তি ছড়াতে বিজেপি এই অভিযোগ করছে।
রবিবার এই ঘটনার প্রতিবাদে বিজেপি বাঁশ দিয়ে রাজ্য সড়কে ব্যারিকেড তৈরি করে। তারপর দফায় দফায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এতে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। হয়রানির মধ্যে পড়েন যাত্রীরা।
পরে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। তারপর ধরপাকড় চলতে থাকে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আতঙ্কে পরিবার