
শেষ আপডেট: 16 February 2023 07:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সামনেই পঞ্চায়েত নির্বাচন। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। কিন্তু তার আগেই প্রায়ই অশান্তির খবর সামনে আসসে। বুধবার রাতে পূর্ব বর্ধমানে চলল গুলি (Purba Bardaman Fire)। দুই তৃণমূল কর্মী (TMC Workers) গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না এলাকার শুকুর গ্রামের বাজারে। জানা গেছে, বুধবার রাত ৯টা নাগাদ শুকুর বাজার এলাকায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন মৃগাঙ্ক সিং ও তাঁর বাবা বাদল সিং। সেই সময়ই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দু'জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।
এই হামলার পেছনে কি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে? স্থানীয়দের কথায়, মৃগাঙ্ক ও তাঁর বাবার ওপর হামলা চালিয়েছে সৌমেন রায়ের দলবল। কে এই সৌমেন রায়? রায়না ১-এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বামদেব মণ্ডল জানান, সৌমেন রায় আগে বিজেপিতে ছিল। একুশের নির্বাচনে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। তবে কিছুদিন আগে দলেরই এক নেতার হাত ধরে তৃণমূলে আসে সে।
বামদেবের অভিযোগ, দলের সক্রিয় কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে সৌমেন। দলের ক্ষতি করছে তিনি। বুধবার সন্ধ্যায় সৌমেনের দলবলের সঙ্গে ঝামেলা বাঁধে মৃগাঙ্ক ও তাঁর বাবার। চলে কথা কাটাকাটিও। তারপর আচমকাই রাতে বাবা-ছেলের ওপর হামলা করে সৌমেনরা।
এই গুলিকাণ্ডের পরে এলাকা এখনও থমথমে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে খবর।
নাগরদোলায় বসে সেলফি! রডে ধাক্কা লেগে গুরুতর জখম লাভপুরের তরুণ