
শেষ আপডেট: 31 August 2023 11:20
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুড়ে যুবতী খুনে (Domjur Murder Case) ইতিমধ্যে তাঁর স্বামী চন্দন মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দনকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবার পুকুরে ডুবুরি নামিয়ে খুনে ব্যবহৃত বন্দুক (Pistol Gun Recover) উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ডোমজুড়ের ঝালুয়ারবেড় এলাকার একটি পুকুর থেকে একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে। কলকাতা থেকে বিপর্যয় মোকাবিলা দফতর থেকে ডুবুরি আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তারাই এই পিস্তলটি পুকুর থেকে উদ্ধার করে।
চন্দন পুলিশের জেরায় জানিয়েছে, স্ত্রী অনুশ্রী হাজরা নাচতে ভালোবাসতেন। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেত এবং সেই সূত্রে একাধিক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। আর সেটা একেবারেই অপছন্দ ছিল চন্দনের। ওই যুবকদের সঙ্গে অনুশ্রীর বন্ধুত্ব চন্দন মেনে নিতে পারেনি। এই নিয়ে প্রায়ই অশান্তি হত তাঁদের মধ্যে।
এই অশান্তির জেরেই অনুশ্রী বিবাহবিচ্ছেদ চেয়ে নিজের বাপের বাড়িতেই থাকতে শুরু করেছিলেন। নিজের হাত খরচের টাকা জোগাড় করতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ নেন। একই সঙ্গে বাচ্চাদের নাচ শেখাতে শুরু করেন।
কিন্তু অনুশ্রীর এই আচরণ মেনে নিতে পারেনি চন্দন। তাই ঘটনার দিন অনুশ্রীকে নির্জন জায়গায় ডেকে পাঠিয়েছিল। সেখানেই চন্দন অনুশ্রীকে গুলি করে খুন করে বলে অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অনুশ্রীর মৃত্যু হয় মাথায় গুলির লাগার কারণে। গত রবিবার ঝালুয়ারবেড় এলাকা থেকে রহস্যজনকভাবে ওই যুবতীর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: ২ কোটি টাকার হিসেব মিলছে না! বিপাকে সুন্দরবনের মানুষ, বুক ফুলিয়ে এলাকায় অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার