দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে কলকাতা- সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আলিপুর। সেইমতো রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কিছু কিছু জায়গায় হাওয়া জোরে বইছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আলিপুর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমেও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক,। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।
আগামী কয়েকদিন সারা রাজ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী দখিনা বাতাসের জেরে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়।
আইএমডি-র বুলেটিনে ইতিমধ্যেই বলা হয়েছে আরবসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় আরও বেশি এলাকা জুড়ে বিস্তার করবে এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এছাড়া দক্ষিণ-পূর্ব আরবসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আইএমডি। এই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এই নিম্নচাপের জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তীব্র গতিতে শক্তিশালী হয়ে ভূ-খণ্ডে প্রবেশ করবে। আবহবিদদের অনুমান এ বছর নির্ধারিত সময় অর্থাৎ ১ জুন কেরলে ঢুকবে বর্ষা।