শেষ আপডেট: 9 March 2020 12:14
তবে সব ভয়-আতঙ্ক ভুলে বসন্ত উৎসবে মাতলেন কাটোয়াবাসী। জমিয়ে রঙ খেলার পাশাপাশি আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। কাটোয়ার কেডিআই ময়দান সোমবার সকাল থেকেই ছিল কচিকাঁচাদের ভিড়। যোগ দিয়েছিলেন বড়রাও। প্রভাত ফেরীর মাধ্যমে শুরু হয় দিন। তারপর রবি ঠাকুরের গানে বসন্তকে আহ্বান জানানোর পালা। নানা রঙয়ের আবির মেখে সেজেছিলেন সকলেই।
এদিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। মণিপুরি, ভারতনাট্টম থেকে শুরু করে নানা ধরনের নৃত্য পরিবেশন করেন এলাকার ছাত্র-ছাত্রীরা। প্রচুর মানুষ এদিন কেডিআই ময়দানে আয়োজিত বসন্ত উৎসবে যোগ দেন। হাজির ছিলেন জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ শ্রুতিও। জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মূল চরিত্র নয়নের ভূমিকায় ইতিমধ্যেই টেলিভিশনে জনপ্রিয় তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনজয় করেছেন শ্রুতি। শ্যুটিংয়ের দৌলতে এখন বেশিরভাগ সময় টলিপাড়ায় কাটলেও আসলে তিনি কাটোয়ারই বাসিন্দা।
সকলের সঙ্গে আবির খেলায় মাতেন শ্রুতি। নাচে-গানে মাতিয়ে তোলেন উৎসব। কচিকাঁচাদের ভিড়ে নাচের ছন্দে পা মেলাতে দেখা যায় তাঁকেও। সেলিব্রিটি নয় বরং পাড়ার মেয়ে হিসেবেই এদিন বসন্ত উৎসবে হাজির হয়েছিলেন ছোটপর্দায় পরিচিত মুখ ‘নয়ন’। টেলিভিশনের অভিনেত্রীকে দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারাও। নাচ-গান-গল্প-আড্ডার সঙ্গে চলেছে দেদার সেলফি তোলাও।