
শেষ আপডেট: 17 June 2023 06:03
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বেশ (monsoon in Bengal) কয়েকদিন হয়ে গেল। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরের কিছু জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণে এখনও মৌসুমী বায়ুর দেখা নেই। আলিপুর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে এখনও দিন দুয়েক অপেক্ষা করতেই হবে। ততদিন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। কলকাতা দশক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে (weather report)।
হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা বর্তমানে আটকে রয়েছে মালদহে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। উল্টে আকাশ জুড়ে ছেয়ে রয়েছে মেঘের আস্তরণ, যার জেরে তাপ 'ট্র্যাপড' হয়ে রয়ে যাচ্ছে ভূপৃষ্ঠেই। দোসর হয়েছে চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা। সব মিলিয়ে পারদ ৪০ ডিগ্রি না ছুঁলেও 'ফিলস লাইক' পৌঁছে গেছে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে। আর তার জেরেই ভ্যাপসা গরমে কার্যত সিদ্ধ হয়ে যাওয়ার দশা দক্ষিণবঙ্গের মানুষের।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই পরিস্থিতি বজায় থাকবে রবিবার পর্যন্ত। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও চলবে তাপপ্রবাহ। গরম হাওয়া বইবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের মধ্যেই রাজ্যের দক্ষিণ অংশে প্রবেশ ঘটবে মৌসুমী বায়ুর। তার জেরে রবিবার বিকেলের পর থেকেই আবহাওয়া বদলানোর সম্ভাবনা, শুরু হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি। তবে তা সত্ত্বেও জারি থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম। সোমবারও তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার বেশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি ও রবিবার। মালদহ এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই তিনটি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গেই তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে একটু কমলেও শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টপাতের জেরে ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে নিচু এলাকগুলিতে বন্যার সতর্কতাও রয়েছে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।
একেই বলে কপাল! তৃণমূল নেতার সামনে বন্দুক উঁচিয়ে তিনবার ট্রিগারে চাপ! কিন্তু গুলি বেরোয়নি