
শেষ আপডেট: 3 June 2023 05:58
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না সুন্দরবনের ৬ পরিযায়ী শ্রমিকের। তাঁরা সবাই একই পরিবারের। উদ্বেগে ঘুম ছুটেছে ঘরে থাকা মানুষগুলোর।
শুক্রবার কলকাতা-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন গোসাবার কর্মকার পরিবারের ছয় সদস্য। প্রতিবারই কাজের জন্য যান। আবার ফিরেও আসেন ঘরে। এবার আর ফিরবেন কী না কেউ জানে না। দুর্ঘটনার খবর আসার পরে উদ্বেগ আর শোক মিলেমিশে গেছে কর্মকার পরিবারে।
রাতভর বারবার ফোন করে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে সওয়ার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু ফল হয়নি। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে শুক্রবার সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর আনন্দপুর গ্রাম থেকে রওনা দিয়েছিল কর্মকার পরিবারের ৬ জন। দুর্ঘটনাগ্রস্থ অভিশপ্ত ট্রেনে ছিলেন চঞ্চলা কর্মকার, তাঁর ভাই রঞ্জন কর্মকার, ছেলে সনৎ কর্মকার, দুই বৌমা শ্যামলী ও কবিতা কর্মকার সহ ছ’জন। এখনও পর্যন্ত কারও ফোনেই যোগাযোগ করতে পারা যায়নি বলে পরিবারের লোকজন জানান।