
শেষ আপডেট: 24 October 2022 12:37
দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির কালীপুজোর আয়োজনে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তার মধ্যেও সিতরাং (Sitrang) নিয়ে খোঁজ খবর রাখছেন। দফায় দফায় ফোন করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। কালীপুজোর আয়োজনের মধ্যেই তিনি জানালেন, প্রায় ৬৮ হাজার মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।
সিতরাং চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে বুকে। ঘণ্টায় ৩১ কিমি বেগে এগিয়ে আসছে ভূখণ্ডের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ রাত থেকেই তুমুল ঝড়-বৃষ্টি শুরু হবে। মূলত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য রয়েছে সতর্কতা। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে সবরকম আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এদিন সকাল থেকেই পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই সমুদ্র উত্তাল হয়ে আছে। এই ঝড় হতাহতের ঘটনা এড়াতে মোট ৬৭ হাজার ৯৭৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মমতা। তাঁদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ২৩ হাজার ৪৫৭ জন, উত্তর ২৪ পরগনার ১৯ হাজার ৩২৪ জন ও পূর্ব মেদিনীপুরের ২৪ হাজার ৯২২ জনকে সরানো হয়েছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে সিতরাং। দুই ২৪ পরগনায় আজ রাত থেকেই বাড়বে ঝড়ের গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘণ্টায় ৯০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আর কলকাতা, হাওড়া, হুগলিতে সেই হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে।
সাগর থেকে ৩৮০ কিমি দূরে সিতরাং! রাতে বড় দুর্যোগের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস