দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হওয়ার পর থেকেই বহু মানুষের কৌতূহল ছিল নুসরতের মতামত নিয়ে। তৃণমূলের বসিরহাটের সাংসদ নুসরতের বিজেপি-বিরোধিতার আক্রমণাত্মক বক্তৃতাগুলি মনে পড়ে গেছিল অনেকেরই। আজ, বুধবার যখন বিজেপিতে যশের যোগদান হয়েই গেল, তখন স্বাভাবিক ভাবেই তাঁর কাছে প্রশ্ন করা হয়,'ঘনিষ্ঠ বান্ধবী' নুসরত এ নিয়ে কী বলছেন।
যশ এদিন বিজেপিতে যোগদান করার পরে দাবি করেন, তিনি অনেক দিন ধরে ভেবেচিন্তেই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নুসরতের সঙ্গে এ নিয়ে তাঁর আলোচনা হয়নি বলে জানান তিনি। তাঁর কথায়, "আমরা দু'জন বন্ধু অবশ্যই, তবে অভিনেতা হিসেবে সেই বন্ধুত্ব গড়ে উঠেছে। এটা নিয়ে আমাদের সমস্যা নেই। ওর মাইন্ডসেটে ও ওর রাজনীতি করছে, আমি আমার। কাল যখন আমরা ছবি করব তখন আবার অভিনেতা হিসেবে করব। এই ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে না আনাই ভাল। কে কোন রাজনীতি করছে, সেটা অভিনয়ের জন্য জরুরি নয়।"
কয়েক মাস ধরেই টালিগঞ্জ পাড়ায় গুঞ্জন চলছে, নুসরত আর তাঁর স্বামী নিখিলের মধ্যে নাকি বনিবনা হচ্ছে না। মুখ দেখাদেখি তো দূর, ইন্সটাগ্রামেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন। পরিস্থিতি যখন এমনই তখন গত ৮ জানুয়ারি নুসরতের বার্থ ডে পার্টিতে দেখা গিয়েছে নিখিল উপস্থিত নেই। অন্যদিকে সেই পার্টিতে আলো করে ছিলেন যশ। তার ঠিক কয়েক দিন পর আরও একটি খবর গুঞ্জন, জল্পনাকে আরও জোরালো করে। তা হল, কলকাতা থেকে প্রায় একসঙ্গে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে গিয়ে নেমেছেন নুসরত-যশ। দক্ষিণেশ্বরেও দেখা গিয়েছিল নুসরত-যশকে। যদিও সেদিন তাঁদের সঙ্গে ছিলেন মদন মিত্রও।
ফলে স্বাভাবিক ভাবেই এদিন যশের বিজেপিতে যাওয়ার পরেই নুসরতের প্রতিক্রিয়া জানতে চান অনেকেই। এদিন যশ বিজেপিতে যোগ দেওয়ার পর নুসরতের সঙ্গে কথা বলার জন্য ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর আপ্তসহায়ক বলেছেন, ম্যাডাম ব্যস্ত আছেন। এখন কথা বলতে পারবেন না। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয় এদিন যশকে। তিনি উত্তরে বলেন, "আমি এখানে যোগ দিইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কোনও খারাপ কথা বলব বলে। দিদিকে আমি অনেক ভালবাসি। আমি আজও বলি, আমি ওঁর ভাই। আজ সকালেও আমি ওঁর আশীর্বাদ নিয়েছি। ওঁকে লিখেছি, আপনি আমায় আশীর্বাদ করুন। কিন্তু একটা দল তো একটা মানুষকে নিয়ে হয় না। সেটাই সমস্যা হয়ে গেছে। আমার মনে হয় এই বিজেপি দলে সেই সমস্যা হবে না। আমি এখনও দিদিকে বলব, দিদি আমার প্রণাম নেবেন।"