
শেষ আপডেট: 22 September 2022 02:26
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ক্লাস টুয়েলভের এক পড়ুয়াকে (student) চ্যাটে অশালীন মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব (molest) দিয়েছিলেন তারই স্কুলের প্রধান শিক্ষক। সেই অভিযোগে এবার ওই হেডমাস্টারকে (head master) গ্রেফতার করল নদিয়ার পলাশিপাড়া (Palashipara) থানার পুলিশ। ধৃত অপূর্ব কুমার রায় পলাশিপাড়া থানার সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কৃষ্ণনগরের নতুন দুর্গাপুর এলাকায় থাকতো সে। মঙ্গলবার রাতেই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে। বুধবার তাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, স্কুলের ছাত্রীকে অশ্লীল মেসেজ করার কথা মঙ্গলবার সকালেই চাউর হয়ে যায়। এরপরই স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় অভিভাবকরা। খবর পেয়ে স্কুলে পুলিশ এসে পৌঁছয়। তারপরে ওই প্রধান শিক্ষক মুচলেকা দিলে ঘেরাও উঠে যায়। এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা থানায় গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ, তাঁর মেয়ে প্রাথমিক থেকেই সাহেবনগর বিদ্যালয়ে পড়ত। তারপর সেই স্কুলেরই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। কিন্তু কোনওদিন এমন কুরুচিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি মেয়েকে।
অভিযোগ, কয়েক মাস আগে স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব কুমার রায় ওই ছাত্রীকে পড়ানোর অছিলায় ভালবাসার প্রস্তাব দেয়। সেইসঙ্গে নানারকম কুপ্রস্তাব দিতে থাকে, এমনই অভিযোগ ছাত্রীর। শুধু তাই নয়, মোবাইলে অশ্লীল চ্যাট করত বলে অভিযোগ। এই কথা পড়ুয়ার অভিভাবক জানার পর তার বাবা গিয়ে ওই প্রধান শিক্ষককে নিষেধ করে। কিন্তু এই বারণ কানেই তোলেনি সেই হেডমাস্টার। উল্টে কৃষ্ণনগর থেকে স্কুলে যাওয়ার পথে পলাশিপাড়ায় সেই ছাত্রীর ভাড়া বাড়িতেও ঢোকার চেষ্টা করে। কিন্তু ছাত্রীর মা দেখে ফেলায় ওই শিক্ষক সেখান থেকে পালিয়ে যায়। তারপরেও চুপ ছিল ওই তরুণীর পরিবার।
কিন্তু বেশ কয়েকদিন আগে প্রধান শিক্ষক ও ছাত্রীর চ্যাট কয়েকজনের মোবাইলে চলে যায়। এরপর গ্রামবাসীরা সোমবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে পথে নামেন। সেই মতো মঙ্গলবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও আন্দোলন করেন স্থানীয় অভিভাবক-সহ অন্যান্য গ্রামবাসীরা। শেষ অবধি ক্ষমা চেয়ে মুচলেকা দেয় অভিযুক্ত, কিন্তু তাতেও নিস্তার মেলেনি। মঙ্গলবারই সন্ধেবেলা ওই ছাত্রীর বাবা শেষ অবধি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার, জানতে পেরে অবসাদে আত্মঘাতী তরুণ