
শেষ আপডেট: 30 October 2022 08:28
দ্য ওয়াল ব্যুরো: দ্রুত গতিতে ছুটে আসছিল গাড়ি। সঙ্কেত পাঠানো সত্ত্বেও দাঁড়ানোর কোনও রকম লক্ষণই দেখাচ্ছিল না চালক (driver)। গাড়িটিকে আটকাতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন ট্র্যাফিক পুলিশের কর্তব্যরত এএসআই (traffic police ASI)। তার ফল হল মর্মান্তিক। সিগন্যাল ভেঙে এএসআইকে ধাক্কা মেরে তাঁকে হিঁচড়ে ৫০ মিটার রাস্তা টেনে নিয়ে গেল (hits and drags) চালক!
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লির গুরুগ্রামের (Gurgaon) আম্বেদকর চকের সেক্টর ৫২তে। ঐদিন ওই এলাকায় কর্মরত ছিলেন ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হরপ্রীত। সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টে নাগাদ রাস্তায় ২ জন কনস্টেবল এবং একজন হোমগার্ডকে সঙ্গে নিয়ে ডিউটি করছিলেন হরপ্রীত। সেই সময় তিনি লক্ষ্য করেন, দূর থেকে দ্রুতগতিতে ছুটে আসছে কালো কাচে ঢাকা একটি এসইউভি গাড়ি। দেখামাত্রই গাড়িটিকে থামানোর জন্য চালককে সংকেত পাঠান হরপ্রীত। কিন্তু সেসবের তোয়াক্কা না করে সিগন্যাল ভেঙে আরও দ্রুত গতিতে ছুটতে শুরু করে গাড়িটি।
সেটিকে থামানোর জন্য গাড়ির কাছে এগিয়ে যান হরপ্রীত। আর তখনই তাঁকে ধাক্কা মেরে হিঁচড়ে আরও ৫০ মিটার রাস্তা এগিয়ে যায় গাড়িটি। এরপর গাড়িটির বনেট থেকে রাস্তায় পড়ে যান হরপ্রীত। তাতেও না থেমে তাঁর উপর দিয়েই গাড়ি ছুটিয়ে বেরিয়ে যায় চালক।
ঘটনায় গুরুতর যখন হয়েছেন ওই এএসআই। তাঁর একটি পা ভেঙে গুঁড়িয়ে গেছে বলে জানা গেছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সেদিন হরপ্রীতের সঙ্গে কর্তব্যরত কনস্টেবল সোমবীর এই ঘটনায় সেক্টর ৫৩ থানায় অজ্ঞাতপরিচয় ওই গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে গাড়িটিকে। রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে সেটির মালিকের খোঁজ চালানো হচ্ছে। খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সেক্টর ৫৩ থানার ইন্সপেক্টর অমিত কুমার।
কাজ চলাকালীন সুড়ঙ্গে ধস, মর্মান্তিক মৃত্যু কাশ্মীরের বিদ্যুৎ প্রকল্পের ৪ শ্রমিকের, আহত ৬