
শেষ আপডেট: 25 April 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: ১৫ এপ্রিল প্রয়াগরাজের রাস্তায় পুলিশি ঘেরাটোপে আততায়ীদের গুলিতে খুন হন গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed)। যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় আতিকদের ঘিরে ছিলেন সাংবাদিকরা। খুন হওয়ার আগে আতিককে বলতে শোনা গিয়েছিল, 'আসল কথা হল গুড্ডু মুসলিম (Guddu Muslim)…', তারপরই সব শেষ।
গুড্ডু মুসলিমকে নিয়ে কী বলতে চাইছিলেন আতিক তা অজানাই থেকে গেছে। জানা গিয়েছিল, গুড্ডু মুসলিম, আতিকের গ্যাংয়ের লোক ছিল। এবং উমেশ পাল খুনের ঘটনায় জড়িত ছিলেন। পুলিশ খুঁজছে তাঁকে। এখনও গুড্ডুর কোনও হদিশ পাওয়া যায়নি। কোথায় আছেন তিনি? সংবাদমাধ্যম সূত্রে খবর, তদন্তকারীরা জানিয়েছেন মুর্শিদাবাদে লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে গুড্ডুর। গোপন সূত্রে খবর পেয়ে, গত তিনদিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা।
আরও জানা গেছে, এর আগে ওড়িশা ও ছত্তীসগড়ে গুড্ডুর লুকিয়ে থাকার খবর মিলেছিল। সেই খবর পেয়ে ওই দুই রাজ্যেও অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে কোনও খোঁজ পায়নি। মুর্শিদাবাদে আসার আগে গুড্ডু ওড়িশার বরগঢ় শহরে লুকিয়ে ছিল। সেখানে তাঁর এক সাগরেতকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে জানা যায়, পুলিশের চোখে ধুলো দিতে গুড্ডু দাড়ি বাড়িয়েছেন।
উত্তরপ্রদেশের মিরাট এবং ঝাঁসি, রাজস্থানের আজমির, মহারাষ্ট্রের নাসিক এবং পুণেতেও দেখা গিয়েছিল গুড্ডুকে। কিন্তু প্রতিবারই নানা কৌশলে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন তিনি। এখন তিনি মুর্শিদাবাদে লুকিয়ে রয়েছেন বলে খবর।
উল্লেখ্য, ২০০৫ সালে বহুজন সমাজবাদী পার্টির সাংসদ রাজু পাল খুনের অন্যতম সাক্ষী ছিলেন উমেশ পাল। সেই উমেশকেই গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির সামনে খুন করে আততায়ীরা। এই খুনের ঘটনায় অনেকের নাম জড়িয়েছে। পুলিশের দাবি, আতিকের ইশারাতেই এই খুনের ঘটনা ঘটে। আতিক ছাড়াও তাঁর ছেলে আসাদ, বন্ধু গুলাম ও আশরাফের নাম জড়ায়। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন গুড্ডু মুসলিমও!
পুলিশ সূত্রে খবর, গত ২৪ ফেব্রুয়ারি উমেশের বাড়ির সামনে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, তা ঘটিয়েছিলেন গুড্ডুই! অপরাধ জগতে এই গুড্ডুই 'বোমাবাজ গুড্ডু' নামে পরিচিত।
প্রসঙ্গত, কয়েকদিন পরেই উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে পুলিশ হেফাজতে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফের খুনের ঘটনা নিয়ে বেশ চর্চা চলছে যোগী রাজ্যে। যত তাড়াতাড়ি সম্ভব গুড্ডুকে ধরতে চায় যোগীর পুলিশ।
অশান্ত সুদান, ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হল ‘অপারেশন কাবেরী’