
শেষ আপডেট: 3 April 2023 20:19
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে হুগলির রিষড়া (Rishra)। পুলিশ-প্রশাসনের তৎপরতায় রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সারা রাত ও সোমবার সারাদিন তেমন গন্ডগোলের খবর না পাওয়া গেলেও এদিন রাতে ফের নতুন করে অশান্তি ছড়ায় রিষড়ায়। এই ঘটনায় উদ্বিগ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সূত্রের খবর, পাহাড় সফর কাটছাঁট করে মঙ্গলবারই তিনি কলকাতায় ফিরতে পারেন।
জানা যাচ্ছে, রাজ্যপাল দার্জিলিং গিয়েছিলেন। সোমবার রাতে রিষড়ায় যে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই খবর পৌঁছয় তাঁর কাছে। মনে করা হচ্ছে, রিষড়ায় নতুন করে এই অশান্তির খবর শুনেই পাহাড় সফর কাটছাঁট করে ফিরছেন তিনি।
সূত্রের খবর, এদিন রাতেই রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। পরিস্থিতির খবর নেন। ওয়াকিবহাল মহলের কথায়, কলকাতায় ফিরে এই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার কিছু পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় রিষড়ার চার নম্বর রেল গেট এলাকায়। ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। অভিযোগ, শুধু ইট নয় বোমাও ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফও।

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়া হয়। ইটের আঘাতে এক পুলিশকর্মী আহত হয়েছে বলেও খবর। একটি পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে রাত ১০টার পর থেকে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় তিনঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। একে একে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি ছাড়া হয়। তবে একাধিক ট্রেন বাতিলও করা হয়েছে বলে রেল সূত্রে খবর।
হাওড়া থেকে ছাড়ল তারকেশ্বর লোকাল, তিন ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল