অঞ্জলিদেবীর অভিযোগ, “সাংবাদিকরা চলে যেতেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে অমৃত। লাগাতার হুমকি দিচ্ছিল। আমার জমির দলিল বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে, শোধও করেনি। উল্টে আমাকে ভয় দেখাচ্ছে। আমাকে ‘মা’ বানিয়ে নিজের ভোটার কার্ড করেছে। আমাকে মেরে ফেলতে পারে ওরা। সেই ভয়েই আজ থানায় এসেছি।”

শেষ আপডেট: 22 November 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: The Wall এ খবর প্রচারিত হতেই বিধবা শ্বাশুড়ির উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল জামাই অমৃত বিশ্বাসের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার।
SIR শুরুর পরেই শাশুড়িকে ‘মা’ বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার জালিয়াতি ফাঁস হয়। তারপর থেকেই উত্তেজনা তীব্র হচ্ছিল চোপড়ার কুমারটোলা গ্রামে। The Wall এ সেই খবর প্রকাশিত হতেই বৃদ্ধার সংসারে বিস্ফোরণ। অভিযোগ, খবর প্রকাশের ঠিক পরেই বিধবা অঞ্জলি বিশ্বাসের উপর চড়াও হন তাঁর মেয়ে ললিতা ও জামাই অমৃত বিশ্বাস।
অঞ্জলিদেবীর অভিযোগ, “সাংবাদিকরা চলে যেতেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে অমৃত। লাগাতার হুমকি দিচ্ছিল। আমার জমির দলিল বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে, শোধও করেনি। উল্টে আমাকে ভয় দেখাচ্ছে। আমাকে ‘মা’ বানিয়ে নিজের ভোটার কার্ড করেছে। আমাকে মেরে ফেলতে পারে ওরা। সেই ভয়েই আজ থানায় এসেছি।”
ওই ঘটনার খবর পেয়ে শুক্রবারই ছুটে আসেন অঞ্জলিদেবীর অন্য জামাইরা। ছোট জামাই সুশান্ত সরকার জানান,
“আমরা খবর পাই সাংবাদিকরা বেরিয়ে যেতেই শাশুড়ির উপরে চড়াও হয় অমৃত। তাই তড়িঘড়ি থানায় এসেছি। আমরা চাই অমৃতের কঠোর শাস্তি হোক।”
গ্রামে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, সংবাদমাধ্যমে কাণ্ডটি প্রকাশ্যে আসতেই অমৃত বিশ্বাসের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। অঞ্জলিদেবীর নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? অভিযোগের তদন্তে কি কঠোর পদক্ষেপ নেবে পুলিশ? কারণ মেয়ে ললিতা পঞ্চায়েতের সদস্য। জামাই অমৃতও এলাকার তৃণমূল নেতা।
পাঁচ মেয়ের বিধবা মা অঞ্জলি বিশ্বাস এতদিন টেরই পাননি যে তাঁর চতুর্থ কন্যার জামাই অমৃত বিশ্বাস বহু আগেই গোপনে কাগজে-কলমে নিজেকে তাঁর ছেলে বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে রেখেছে! SIR ফর্ম হাতে আসার পরেই ফাঁস হয় এই প্রতারণা। বুধবার বিডিওর দফতরে হাজির হয়ে অভিযোগ জানান অঞ্জলিদেবী। তাঁর বক্তব্য, সম্পত্তির লোভেই এমন জালিয়াতি করেছে জামাই অমৃত। তারপরেই বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে। বৃ্দ্ধার দুর্গতিও বাড়ে।