
শেষ আপডেট: 27 July 2023 07:03
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: সবুজের প্রতি এক দারুণ আকর্ষণ। কেউ নষ্ট করে ফেলছে চারপাশের সবুজ, ভাবতেই বিষণ্ণতা গ্রাস করে তাঁকে। তিনি বাঘমুন্ডির (Baghmundi man) সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি। বয়স যখন পনেরো-ষোলো, তখন থেকেই চারপাশ সবুজ (Greenery) করে তোলার ব্রত নিয়েছিলেন। এখন তাঁর ৮০ বছর বয়স। চারা গাছগুলোর মায়া এখনও কমেনি এতটুকু। তারা যখন ডালপালা মেলে আকাশকে ছুঁতে চায় তখনও একইভাবে আগলে রাখেন তিনি।

এখন ৮০ বছর বয়স হয়েছে। তাতে কী! বন দফতরের দেওয়া সাইকেলে করে ঘুরে বেড়ান তিনি। পিছনে থাকে বালতি। এখানে সেখানে ঝোড়া। তারই জল তুলে ছিটিয়ে দেন যত্রতত্র পুঁতে দেওয়া চারাগাছগুলির গায়ে। আর অপেক্ষায় থাকেন কবে মাথা তুলে দাঁড়াবে সেই গাছ। অযোধ্যা পাহাড়-পাখি পাহাড়-রেরেং টাঁড়-সড়কডি-চড়িদা-ঘোড়াবাঁধা-সিন্দ্রি-হরিডি-সহ বিভিন্ন এলাকায় তিনি প্রায় পাঁচ হাজার গাছ লাগিয়েছেন দুখু মাঝি। এই সংখ্যাটা আরও বাড়ছে প্রতিদিন।
চারা পুঁতে দেন তিনি। তারপর শ্মশান থেকে ফেলে দেওয়া কাঠ এনে বেড়া দেন। বালতি নিয়ে ঘুরে ঘুরে জল দেন চারাগাছে। এভাবেই চলে দুখু মাঝির বৃক্ষরোপন। বড় যত্নে তিনি বড় করেন চারাগাছগুলিকে। তাঁর মুখে একটাই কথা। “আজকালকার ছেলে মেয়েরা যেন গাছ লাগাতে এগিয়ে আসে। পরিবেশ যাতে সুখের হয় আগামীতেও।
আরও পড়ুন: বছরে ১.২৫ টাকার চাকরি পেলেন অনুরাগ! আইআইটি কিংবা আইআই-এর পড়ুয়া নন তিনি