
শেষ আপডেট: 20 January 2023 14:08
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চোর সন্দেহে একটা ছোট বাচ্চাকে (child) দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর (beat) করার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই ফুটেজ দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তাতে দেখা যায়, বেদম মারের চোটে বাচ্চাটি কাঁদতে কাঁদতে হাঁফিয়ে গেলেও তাকে ছাড়া হয়নি। ঘটনাটি ঘটেছে বর্ধমান (Purba Bardhaman) শহরের বিসি রোড এলাকায়। সেখানকারই বাসিন্দা এক মহিলার (woman) বিরুদ্ধে বাচ্চাটিকে মারধর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়ে গোটা বর্ধমান শহরে। এরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে চাইল্ড লাইনে পাঠায়। এরপর রাতে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। জানা গেছে, ধৃতের নাম মধুমিতা মল্লিক। বাড়ি বিসি রোডের খানপাড়া এলাকায়।
ভিডিওটিতে দেখা যায়, ওই মহিলা তার বাড়ির সামনে শিশুটিকে নারকেল দড়ি দিয়ে হাত-পা বেঁধে কখনও চুলের মুঠি ধরে মারছিল, আবার কখনও থাপ্পড় কষাচ্ছিল গাল লক্ষ্য করে। বেদম মার খেয়ে শিশুটি বারবার 'আমি কিছু জানি না', 'আমি কিছু করিনি' বলে কান্নাকাটি করলেও থামেনি এই মহিলা। সে কথায় কর্ণপাত না করে শিশুটিকে আরও মারতে থাকে। পাশে দাঁড়ানো কয়েকজন মহিলাকে আবার এই ঘটনায় ইন্ধন দিয়ে বলতে শোনা যায়, 'এরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। পুলিশকে দিলে ছেড়ে দেবে।'
ওই ভিডিও পুলিশের নজরে আসার পরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয় ওই মহিলাকেও। শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃত তরুণীর সাত দিনের পুলিশী হেফাজতের আবেদন করে। তবে আদালত মধুমিতা মল্লিককে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
জন্মদিনের রাতে মর্মান্তিক মৃত্যু যুবকের! বাঁকড়ায় রেললাইনের ধারে উদ্ধার দেহ