দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলেছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার সংলগ্ন এলাকায়। বুধবার থেকে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরনো দিল্লি ও পূর্ব দিল্লিতেও। পূর্ব দিল্লির সীলমপুরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। আজ, বৃহস্পতিবার সকালেও দেখা যায় রাজধানীর পরিস্থিতি থমথমে। বন্ধ রাস্তাঘাট, যান চলাচল প্রায় অবরুদ্ধ। দিল্লি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (ডিএমএরসি) জানিয়েছে, অশান্তি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি মেট্রো স্টেশন।
জাতীয় রাজধানী এলাকায় জায়গায় জায়গায় ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। সকাল থেকে তীব্র যানজট দিল্লি-গুরুগ্রাম সীমান্ত এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে। রেড ফোর্টের কাছে কোনও বড় জমায়েত করা যাবে না সেটা আগেই জানিয়ে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের মিছিল রুখতে টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।

দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, মথুরা রোড-কালিন্দি কুঞ্জ রোডে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নয়ডা থেকে দিল্লি যেতে হলে অক্ষরধাম রোড ধরে ডিএনডি ফ্লাইওয়ে ধরে যেতে হবে। তালা পড়েছে প্রায় ১৪টি মেট্রো স্টেশনেও। ডিএমআরসি জানিয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ, পেটাল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আইটিও, প্রগতি ময়দান, খান মার্কেট, মুনির্কা স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
https://twitter.com/TrafficGGM/status/1207515482028298243?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207515482028298243&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Ftraffic-restrictions-in-parts-of-delhi-massive-jam-at-gurgaon-border-amid-planned-protest-against-ci-2151110
গতকাল পূর্ব দিল্লির সীলমপুরে পুলিশ বিক্ষোভকারীদের মিছিল আটকালে অশান্তি শুরু হয়। হাজার হাজার মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গাড়ি, বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। গোলমাল থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠি চালায়। তড়িঘড়ি জোহরি এনক্লেভ, শিববিহার-সহ মোট সাতটি মেট্রো স্টেশনের দরজা বন্ধ করে দেয় দিল্লি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় সিলামপুর-জাফরবাদের রাস্তাও। জাফরবাদেও জমায়েত হয় বহু সাধারণ মানুষ। আজও থমথমে পরিস্থিতি ছিল জামিয়া সংলগ্ন বাটলা হাউস, আবু ফজল, জ়কির নগর ও গফফর মঞ্জিলে। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাটই।
https://twitter.com/ANI/status/1207538201956683776?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207538201956683776&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fcitizenship-amendment-act-protests-live-updates-nrc-bihar-bandh-jamia-amu-delhi-red-fort-mumbai-karnataka-2429003.html
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত শুক্রবার থেকেই সরব জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে ধ্বংসাত্মক চেহারা নেয় নিউদিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি। দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রদের ওপর লাঠিচালনা করলে, প্রতিবাদে মুখর হয় গোটা দেশের ছাত্রসমাজ। ধুন্ধুমার চলে আলিগড় বিশ্ববিদ্যালয়, পটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। শুধু দিল্লি, উত্তরপ্রদেশ নয়। নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় পথে নামে হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বম্বে আইআইটি। বিরাট মিছিল সংগঠিত হয়েছে কেরল, কর্নাটকের একাধিক জেলায়। বুধবার রাজধানী বেঙ্গালুরু সহ রাজ্যের নানা প্রান্তে জারি হয়েছে ১৪৪ ধারা। চারজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।