দ্য ওয়াল ব্যুরো: পোস্তার তারাসুন্দরী পার্কে দুর্গাপুজো উপলক্ষ্যে বসেছিল মেলা। আর সেই মেলাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাগরদোলা অপারেটরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাজ খান(৪০)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পঞ্চমীর দিন রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, পোস্তার তারাসুন্দরী পার্কের মেলায় নাগরদোলা বসিয়েছিলেন তাজ খান। যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় নিজেই সারাতে বসেছিলেন। সেই সময়ই আচমকা কারেন্টের শক খান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বছর চল্লিশের তাজ খানকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।