দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট মন্দির সংলগ্ন ফুটপাথবাসী দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ছিল, তিনজন মিলে আদিগঙ্গার ধারে একটি আশ্রমের চাতালে ওই দুই কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়। শুক্রবারই এক যুবক ও এক নাবালককে গ্রেফতার করা হয়েছিল। গা ঢাকা দেওয়া এরএকজন কিশোরকে শনিবার গ্রেফতার করল পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধারে এক আশ্রমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পরে দুই নাবালিকা মন্দির চত্বরে ফিরে এলে অনেকের সন্দেহ হয়। তাদের সামনে সবকিছু খুলে বলে দু’জন। তারপরেই কালীঘাট থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গৌর যাদব ওরফে কাজল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক নাবালককেও ধরেছে কালীঘাট থানার পুলিশ। তৃতীয় অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।
নাবালিকা দু’জনের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। ধর্ষণের প্রমাণ মিলেছে। কিন্তু দিনে-দুপুরে কী ভাবে দুই নাবালিকাকে তারা তুলে নিয়ে গেল তা ভাবাচ্ছে পুলিশকে। স্থানীয়রা জানিয়েছেন, গৌর ওরফে কাজল সেখানকারই বাসিন্দা। তাই মন্দির চত্বরের প্রায় সবাই তাকে চিনত। ওই দুই নাবালিকাও চিনত। তাই হয়তো ভুলিয়ে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া সহজ হয়েছিল অভিযুক্তদের পক্ষে।