থাকবেন না কাঁচুমাচু, জোরসে বলুন চাই উঁচু: কে বললেন, কেন বললেন, কাকে বললেন
দ্য ওয়াল ব্যুরো: কড়া ভাষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে সতর্ক করে দিল শিবসেনা।
শিবসেনা তাঁদের মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে প্রায় সতর্ক ক্রে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। উদ্ধব ঠাকরেরা সোজাসাপ্টা বলে দিলেন, “মোদী-শাহদের সাম
শেষ আপডেট: 19 November 2018 14:36
দ্য ওয়াল ব্যুরো: কড়া ভাষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে সতর্ক করে দিল শিবসেনা।
শিবসেনা তাঁদের মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে প্রায় সতর্ক ক্রে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। উদ্ধব ঠাকরেরা সোজাসাপ্টা বলে দিলেন, “মোদী-শাহদের সামনে কাঁচুমাচু হয়ে থাকবেন না। ডেঁটে কথা বলুন।”
কিন্তু ব্যাপারটা কী?
অনেকদিন ধরেই কথা চলছে মুম্বইতে আরব সাগরের উপরে মারাঠা বীর ছত্রপতি শিবাজির স্ট্যাচু হবে। উদ্ধব ঠাকরের দলের দাবি, শিবাজির মূর্তিটিই দুনিয়ার উচ্চতম হওয়ার কথা ছিল। কিন্তু এতে নাকি খানিকটা কাটছাঁট হয়েছে।
‘সামনা’-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ন্যাশনাল কংগ্রেস পার্টির মহারাষ্ট্রের নেতা জয়ন্ত পাটিল অভিযোগ করেছেন, শিবাজির স্ট্যাচুকে বেঁটে করে দেওয়ার চেষ্টা চলছে। যাতে গুজরাটে নর্মদার উপর নির্মিত সর্দার বল্লভভাই পটেলের মূর্তিটিই উচ্চতম থাকে, তার জন্য এই প্রয়াস বলেও দাবি করেছে শিবসেনা। এ নিয়ে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সম্পাদকীয় কলমে লেখা হয়েছে, “যে সাহস নিয়ে আপনি মারাঠিদের সংরক্ষণ করেছেন, সেই সাহস নিয়েই অমিত শাহ, নরেন্দ্র মোদীকে বলুন, শিবাজির স্ট্যাচুই হবে সবচেয়ে উঁচু। ওঁদের সামনে কাঁচুমাচু হয়ে থাকবেন না।”
গত ৩০ অক্টোবর গুজরাটে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলের ১৮২ মিটার স্ট্যাচু উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ নির্মাণের পর বিরোধীরা অনেক সমালোচনা করেছিলেন বটে, তবে মোদী-শাহরা খুব একটা পাত্তা দেননি। কিন্তু সেই স্ট্যাচু উন্মোচনের পর পক্ষকাল কাটতেই বিজেপি-র মুখ্যমন্ত্রীকে কড়া কথা শুনতে হল শিবসেনার কাছে। তাও কী? না শিবাজিকে পটেলের থেকে বেঁটে করে দেওয়ার জন্য।
শিবসেনা জানিয়েছে, গত জুলাইতে বিধানসভার অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কথা দিয়েছিলেন, শিবাজির মূর্তিই হবে সর্বোচ্চ। পটেলের স্ট্যাচুর মতোই এখানেও একটি বেদীর উপর শিবাজির স্ট্যাচু দাঁড় করানোর কথা। তথ্য জানার অধিকার আইনে, এক ব্যক্তি শিবাজির স্ট্যাচুর উচ্চতা নিয়ে জানতে চাওয়ায় সরকারের তরফে জানানো হয়েছে, মূল স্ট্যাচুর সাড়ে সাত মিটার কমিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যে উচ্চতা গড়ে তোলার কথা ছিল অর্থাৎ বেদীর ক্ষেত্রে কমানো হয়েছে ৭৫ মিটারের কিছুটা বেশি। হওয়ার কথা ছিল ২১২ মিটার উচ্চতার স্ট্যাচু। তাহলে পটেলের থেকে ৩০ মিটার লম্বা হতেন শিবাজি। আরটিআই-তে এ-ও জানানো হয়, উচ্চতা কমিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টকা সাশ্রয় হচ্ছে। কিন্তু এখন সেই উচ্চতা দাঁড়িয়েছে ১২১.২ মিটারে। যা পটেলের থেকে ৬০ মিটার কম।
শিবাজিকে বেঁটে করে দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে বিজেপি-র বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে শিবসেনা। এমনিতেই বিজেপি-র সঙ্গে এখন সেনার রোউদ্র-ছায়ার সম্পর্ক। মুখপত্র সামনাতে- এর আগে একবার বিজেপি-র উদ্দেশে লেখা হয়েছিল, “এমন বন্ধু থাকলে কারও আর শত্রুর দরকার পড়বে না।” ফের একবার মুখপত্রের সম্পাদকীয় কলমকে ব্যবহার করে বিজেপি-র মুখ্যমন্ত্রীকে দিয়ে দেশের প্রধানমন্ত্রী আর আর সর্বভারতীয় সভাপতিকে হুঁশিয়ারি দেওয়ার আওয়াজ তুলল শিবসেনা।