উল্কাগতিতে ভারতের বাজার হারাচ্ছে অ্যাপলের আইফোন
দ্য ওয়াল ব্যুরো: একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে। একটি প্লেন বিক্রি হবে। বিভিন্ন দেশের মানুষ প্লেনটির বিভিন্ন ফিচার জিজ্ঞেস করছেন। উপস্থিত ভারতবাসী জিজ্ঞেস করলেন, এক লিটারে কতো কিলোমিটার যাবে? এই হলো ভারতীয় উপভোক্তাদের মনস্তত্ব। এই মনস্তত্ব
শেষ আপডেট: 8 November 2018 02:19
দ্য ওয়াল ব্যুরো: একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে। একটি প্লেন বিক্রি হবে। বিভিন্ন দেশের মানুষ প্লেনটির বিভিন্ন ফিচার জিজ্ঞেস করছেন। উপস্থিত ভারতবাসী জিজ্ঞেস করলেন, এক লিটারে কতো কিলোমিটার যাবে? এই হলো ভারতীয় উপভোক্তাদের মনস্তত্ব। এই মনস্তত্ব বুঝতে না পেরে ভারত থেকে হারিয়ে যাচ্ছে অ্যাপলের আইফোন, স্টিভ জোভসকে ভারতবাসীরা যতই ভালোবাসুন। তাঁর অ্যাপলের আইফোনকে একদমই আপন করেননি। আর সম্ভবত করবেনও না ভারতের বড় অংশের মধ্যবিত্ত মানুষ। তাই ভারতের মতো বিশাল বাজারে সাড়া জাগিয়েও এখন হাবুডুবু খাচ্ছে অ্যাপলের আইফোন। দ্রুত হারিয়ে যাচ্ছে বাজার থেকে। মূল কারণ দাম। ভারতবাসীরা সব সময় কম পয়সায় ভালো জিনিস চান, যা তাঁর প্রয়োজন মেটাবে। ফলে অ্যাপলের চেয়ে অনেক কম দামে তাঁরা Samsung, Xiaomi, One Plus -এর মতো কোয়ালিটি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন। তার ওপর , ২০১৮ হলো ভারতের বাজারে অ্যাপলের সবচেয়ে খারাপ বছর। বছরের শুরুতেই অ্যাপল ইন্ডিয়ার এক ঝাঁক উচ্চ পদস্থ কর্মচারী পদত্যাগ করেন। ন্যাশনাল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন চিফ, কমার্শিয়াল চ্যানেল হেড, মিড মার্কেট বিজনেস হেডদের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অভিজ্ঞ কর্মীরা একসঙ্গে পদত্যাগ করায় ভারতীয় বাজারে আইফোনের বিক্রিতে বিরাট ধ্বস নামে। অ্যাপেলের বাজার ধরে নিতে ঝাঁপায় Samsung, Xiaomi, One Plus, Lenovo, Oppo, Vivo, Asus কোম্পানি গুলি। এদের মধ্যে বেশিরভাগ কোম্পানি অনেক কমদামে আইফোনের কাছাকাছি ফিচারের স্মার্টফোন দেওয়ায় ভারতীয় জনগণ সে দিকেই ঝুঁকছেন।
তাছাড়া ভারতে আ্যপলের নিজস্ব ফ্যাক্টরি নেই। iPhone SE ও iPhone 6S মতো পুরোনো কিছু মডেলের ফোনের পার্টস, বেঙ্গালুরুতে নিয়ে এসে জুড়ে বিক্রি করা হয় ভারতীয় বাজারে। বাকি সব মডেলের আইফোন অ্যাপল ভারতে আমদানী করে। আমদানী শুল্ক ও কাস্টমস ট্যাক্স প্রচুর বেড়ে যাওয়ায়, গোটা আইফোন, ভারতের বাজারে আনতে অ্যাপল আইফোনের দাম প্রচুর বেড়ে যাচ্ছে। অন্যদিকে ভারতেই ফ্যাক্টরি খুলে স্মার্টফোনের যন্ত্রাংশ জুড়ে সস্তায় আইফোন ফিচারের ফোন বেচছে প্রতিদ্বন্দী স্মার্টফোন কোম্পানিগুলি। ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়া ছাড়া অ্যাপলের আর কিছুই করার নেই। অনেক দেরি হয়ে গেছে।