
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 5 May 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ দিতে এসে সাপের ছোবল খেলেন এক পরীক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
গোপীবল্লভপুরের বাসিন্দা পূর্ণ চন্দ্র সাউ ও মনোরমা সাউয়ের একমাত্র মেয়ে লিপ্সা সাউ। লিপ্সা ডাক্তার হতে চান। তাই গোপীবল্লভপুর থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে নিট দিতে এসেছিলেন রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলে। দুপুর ২ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে পরীক্ষার হলে পৌঁছে গেছিলেন লিপ্সা। পরীক্ষা শুরুর আগে তিনি স্কুলের টয়লেটে যান। সেই সময়ে তাঁর পায়ে ছোবল মারে একটি সাপ। ভয়ে চিৎকার করে টয়েলেটের বাইরে বেরিয়ে আসেন লিপ্সা। ওই তরুণীর চিৎকার শুনতে পেয়ে বাকি পরীক্ষার্থীরা ছুটে যান টয়েলেটের দিকে। লিপ্সাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা।
হাসপাতাল সূত্রে খবর, লিপ্সাকে একটি চিতি সাপ কামড়ে ছিল। তাঁর রক্ত পরীক্ষা করার পরে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে একটু সুস্থ বোধ করলে পরীক্ষা দিতে যান ওই ছাত্রী। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার্থী অসুস্থ বোধ করছিলেন। তাই তখনই ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ওই ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন।