১০ বছরেও রাস্তা মেরামত করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। কংগ্রেস নেতার ব্যক্তিগত উদ্যোগে সেই রাস্তা মেরামত শুরু হওয়ায় খুশি কুমরীপুর-ফতেপুরের বাসিন্দারা।

তৃণমূলের পঞ্চায়েতের রাস্তা সারালেন কংগ্রেস নেতা
শেষ আপডেট: 4 June 2025 19:46
১০ বছরেও রাস্তা মেরামত করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। কংগ্রেস নেতার ব্যক্তিগত উদ্যোগে সেই রাস্তা মেরামত শুরু হওয়ায় খুশি কুমরীপুর-ফতেপুরের বাসিন্দারা।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত কুমরীপুর-ফতেপুর এলাকার প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষার মরশুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর কাদা জমে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ত পথটি। বাসিন্দাদের অভিযোগ, গত এক দশক ধরে এলাকাবাসী বারবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি।
শেষ পর্যন্ত এলাকার মানুষ কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমির দ্বারস্থ হন। তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং কোনও সরকারি সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। বুধবার সকালে রাস্তার উপর ট্রলিতে করে ইট ও ঘ্যাস ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এতেই খুশি এলাকাবাসী। কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমি বলেন, “গত পঞ্চায়েত সমিতি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু সেখানে ছাপ্পা ভোট দিয়ে তৃণমুল জয়ী হয়েছে। আমি এলাকাবাসীকে কথা দিয়েছিলাম, হেরে গেলেও রাস্তাটি আমি করে দেব। সেই কথা রেখেই আজ কাজটি শুরু করলাম।”
অন্যদিকে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস বলেন, “ওই এলাকার কেউ আমাদের কাছে কোনও আবেদন করেননি। যাঁরা লিখিতভাবে আমাদের জানিয়েছে, তাঁদের জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি। ”
তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার করেই এলাকাবাসী বলছেন, রাস্তার দুরবস্থা নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোনও সাড়া মেলেনি। অবশেষে কংগ্রেস নেতা তাঁদের পাশে দাঁড়িয়েছেন।