
শেষ আপডেট: 6 September 2022 07:15
দ্য ওয়াল ব্যুরো: মাতৃস্নেহ। তার তুলনাই হয় না কোনও কিছুর সঙ্গে। সন্তানকে বাঁচানোর জন্য মা যে কোন মাত্রায় যেতে পারেন, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। সদ্যোজাত সন্তানকে (toddler) তুলে নিয়ে গিয়েছিল বাঘ (Tiger)। নিজের প্রাণের তোয়াক্কা না করে বাঘের চোয়াল (jaws) থেকে সেই সন্তানকে ছিনিয়ে আনলেন (saves) মা (mother)।
ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উমারিয়া জেলার রোহানিয়া গ্রামে। ওই গ্রামটি বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের মালা বিটের অন্তর্গত। আহত মহিলার নাম অর্চনা চৌধুরী। জানা গেছে, রবিবার ছেলে রবিরাজকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন অর্চনা। তখন তাঁর চোখের সামনে দিয়েই ছোট্ট রবিরাজকে মুখে তুলে নিয়ে জঙ্গলে পালানোর চেষ্টা করে একটি বাঘ। ছেলেকে বাঘের মুখ থেকে বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা না করে অর্চনা ঝাঁপিয়ে পড়েন সেই বাঘের উপর। সঙ্গে সঙ্গে তাঁকেও আক্রমণ করে বাঘটি।
এরপর তাঁদের চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা বাঘটিকে তাড়ানর চেষ্টা করেন। তারপরেই অর্চনা এবং তাঁর শিশুপুত্রকে মুখ থেকে ফেলে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘটি।
গোটা ঘটনায় হাতে, পিঠে এবং কোমরে গভীর চোট পেয়েছেন অর্চনা। রবিরাজও মাথায় এবং পিঠে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন অর্চনার স্বামী ভোলা চৌধুরী। তাঁদের সঙ্গে সঙ্গে মানপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উমারিয়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। তাঁদের দেখতে হাসপাতলে যান উমারিয়ার সংগ্রাহক সঞ্জীব শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, আহত মা এবং শিশুকে উন্নত চিকিৎসার জন্য জব্বলপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আক্রমণকারী বাঘটিকে খুঁজে বের করার জন্য একটি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। জঙ্গলের নিকটবর্তী গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি মিটিং ডাকা হয়েছে বলে জানিয়েছেন শ্রীবাস্তব।
Tiger Attack: সুন্দরবনের খাঁড়িতে মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তি