দ্য ওয়াল ব্যুরো : সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে যেতে বলা হয়েছে বুধবারই। তারপরে একে একে বদলি করে দেওয়া হচ্ছে অলোক বর্মার ঘনিষ্ঠ অফিসারদের। দেখা যাচ্ছে, যাঁরা অলক বর্মার কথা শুনে রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্ত করছিলেন, তাঁদেরই সরে যেতে হচ্ছে। পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে আস্থানার অনুগামী এক অফিসারকে ।
যাঁরা বদলি হয়েছেন, তাঁদের মধ্যে আছেন অফিসার এ কে বাসসি । রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি । তাঁকে ট্রান্সফার করা হয়েছে পোর্ট ব্লেয়ারে। 'জনস্বার্থে' অবিলম্বে পোর্ট ব্লেয়ারে ডিউটিতে জয়েন করতে বলা হয়েছে। অফিসার এস এস গুরুমকে পাঠানো হয়েছে জব্বলপুরে । তাঁকেও বলা হয়েছে, 'জনস্বার্থে' অবিলম্বে নতুন জায়গায় ডিউটিতে যোগ দিতে হবে। অফিসার মনীশ কুমার সিনহাকে পাঠানো হয়েছে নাগপুরে।
সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার নেতৃত্বে যিনি ছিলেন, সেই এ কে শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে। আস্থানার ঘনিষ্ঠ অফিসার এ সাই মনোহরকে কিছুদিন আগে অলক বর্মা সরিয়ে দিয়েছিলেন। তাঁকে ফিরিয়ে আনা হয়েছে। আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন এক নতুন টিম তদন্ত করবে। তার নেতৃত্বে থাকবেন তরুণ গৌবা। টিমের অন্য সদস্যদের মধ্যে থাকবেন সতীশ ডাগর, ভি মুরুগেশন।
রাকেশ আস্থানা সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে অভিযোগ করেছিলেন, এ কে বাসসি তাঁর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনছেন। অলক বর্মার নির্দেশেই তিনি অমনটা করছেন।