
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 April 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill 2025) নিয়ে সারা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গেও প্রতিবাদের আঁচ এসে পড়েছে সংখ্যালধু মহলে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ খুললেন এই নিয়ে। বললেন, ‘নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। যার যা সম্পত্তি, আমার অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। আমার সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকারও আপনাদের নেই।’
আজ, বুধবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুদের বলছি, আপনাদের ওয়াকফ (Waqf Amendment Bill 2025) নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের প্রপার্টি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’
তিনি আরও বলেন, ‘একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।’
এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, 'যা কিছু মঙ্গলময় সব আপনাদের হোক। আপনারা বাংলায় সবাইকে নিমন্ত্রণ করেছেন। আপনারা বিভাজন নয়, একতায় বিশ্বাসী। এটাই তো আমাদের ভারতবর্ষ। সব রাজ্যের পোশাক, খাবার, পরম্পরা, ঐতিহ্য আছে। আমরা সব ধর্ম মানি। সব ঐতিহ্য মানি।'
মমতা আরও বলেন, 'আমি কেন সর্বধর্মের অনুষ্ঠানে যাই? আমায় প্রশ্ন করে অনেকে। কিন্তু আমি যাবই সব জায়গায়। আমাকে গুলি করলেও আমি একতার পক্ষে। এটাই আমাদের একতা। যে যাই বলুক আমি যাব।'
তাঁর কথায়, 'সংখ্যালঘুদের ধন্যবাদ জানাব, তাঁরা আমাদের হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এটাই বাংলা। আমরা জৈনের অনুষ্ঠানে যাই, আমরা অন্য যে কোনও ধর্মের অনুষ্ঠানে যাই।'
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'আমি আজমের থেকে পুষ্কর রেল পথে জুড়েছি। আমার সময়ে ধর্মীয় স্থানের সাথে সংযুক্ত রেল স্টেশন সেই আদলে গড়েছিলাম। এটাই একতা। জগন্নাথ মন্দির করেছি আমরা পুরীর আদলে। আবার ১৪ তারিখ সাতটার সময় কালিঘাটে স্কাই ওয়াক উদ্বোধন করছি। আপনাদের সকলের আমন্ত্রণ রইল।'
মমতার কথায়, 'আপনারা বাংলা ঘুরে দেখুন। দেখুন আগে কী ছিল, এখন কী হয়েছে। আমার লক্ষ্য জোড়া, আমার লক্ষ্য ভাঙা নয়।'