
শেষ আপডেট: 15 September 2022 13:44
দ্য ওয়াল ব্যুরো: গল্প, উপন্যাস হোক বা সিনেমার দৌলতে 'সিরিয়াল কিলার' (Serial Killer) শব্দটার সঙ্গে কমবেশি সকলেরই অজানা নেই। আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এমনই কোনও ভয়ঙ্কর খুনি। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কারণ ছাড়াই সিরিয়াল কিলাররা একের পর এক খুন করে যায়। মধ্যপ্রদেশে সম্প্রতি বছর আঠেরোর এক সিরিয়াল কিলারের (Madhyapradesh Serial Killer) ভয়ে তটস্থ হয়ে উঠেছে জেলের নিরাপত্তারক্ষীরাই (Security Guard) !
কিন্তু কেন? গারদের ওপারে থেকেও ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছে সে। শিবপ্রসাদ ধ্রুব, ১৮ বছরের এই যুবককে নিয়ে বেশি ভয় নিরাপত্তারক্ষীদের মধ্যে। কারণ শিবপ্রসাদের নিশানায় ছিলেন নিরাপত্তারক্ষীরা। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে তিনজন নিরাপত্তারক্ষীকে খুন করে সে। তিনদিনে তিনটি খুন, মধ্যপ্রদেশ পুলিশের ঘুম উড়িয়ে দিয়েছিল।
তদন্তে নেমে পুলিশ এই খুনগুলির নকশা মেলাতে গিয়ে পেয়ে যায় বিশেষ প্যাটার্ন। খুন হচ্ছেন নিরাপত্তারক্ষীরা। রাতের অন্ধকারে খুন করে পালিয়ে যেত শিবপ্রসাদ। কিন্তু ছক বুঝেও তাকে ধরতে পারছিল না পুলিশ। ততদিনে চতুর্থ নিশানা খুঁজে নেয় সে। খুন হন আর একজন নিরাপত্তারক্ষী।
তবে শেষমেশ ধরা পড়ে পুলিশের জালে। বর্তমানে সে রয়েছে রাজ্যের সাগর সেন্ট্রাল জেলে। কিন্তু জেলে গিয়েও কমেনি তার তেজ। তাই অন্যান্য বন্দিরাও থাকতে চায় না কেউ। আলাদা সেলে রাখা হয়েছে তাকে।
তবে, শুধু বন্দিরা নয়, জেলের নিরাপত্তারক্ষীরাও ভয়ে থাকেন। জেল সূত্রে খবর, সারাক্ষণ তাকে চোখে চোখে রাখা হয়। কোনও কিছু তার কাছে রাখা হয় না। কারণ শিবপ্রসাদের অন্য এক 'গুণ' ছিল যে কোনও বস্তুকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করত সে। থালা থেকে মগ, সবই তার খুনের হাতিয়ার হতে পারে।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জেলের সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, "শিবপ্রসাদের অপরাধ প্রবণতা বুঝেই তাকে আলাদা রাখা হয়েছে। আইসোলেশন সেলে রয়েছে শিবপ্রসাদ। ওর নামে চারটি খুনের মামলা রয়েছে। এছাড়াও আরও দু'টি মামলা রয়েছে ওর নামে।"
ফের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গড়িয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু অন্তত ৫ জনের