
কুণাল ঘোষ
শেষ আপডেট: 23 November 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: 'রগড় হবে জমজমাটি'। হলও। করলেন খোদ তৃণমূলের কুণাল ঘোষ। ব্যাপারটা বাংলার উপ নির্বাচনের ফলকে ঘিরে।
ঘটনা হল, অনেকেই মনে করেছিল বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলে একটা ছাপ পড়বে আরজি কর ঘটনার।ভোট বাক্সে সাড়া ফেলতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নেমেছিল বিরোধীরা। অনেক 'অরাজনৈতিক' মানুষও জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ-অনশনে পাশে ছিলেন। ইতিউতি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কিন্তু, আজ যখন সব আসনেই তৃণমূলের জয়জয়কার, তখন কুণাল ঘোষ পেয়ে গেলেন রগড় করার রসদ।
৯ অগস্টে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন-সহ হাসপাতালের দুর্নীতিতে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, একই সঙ্গে 'ফেক নিউজ' বা 'তৈরি করা' অডিও নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল। বোঝা গেল সবটাই তাৎক্ষনিক।
'আমি সোমা বলছি…' শীর্ষক যে অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিওর প্রসঙ্গ টেনে তৃণমূল মুখপাত্র তুলোধনা করলেন বিরোধীদের। বললেন, 'নমস্কার আমি সোমা বলছিলাম। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল প্রার্থীরা ৬টার মধ্যে ৬টা আসনে জয়ী হয়েছে।'
কুণাল বলেন, 'আমি সোমা বলছি... আমরা একটা নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে তালে তালে, গালে গালে স্লোগান দিয়েছি, তার মর্মান্তিক ফল পেয়েছি। যা নিয়ে অরিজিৎ সিং এখন গাইছেন 'আর কবে আর কবে, সিপিএম শূন্য থেকে এক হবে।'
অর্থাৎ কথায় গানে মোচড় মেরে কুণাল বুঝিয়ে দিলেন কোনও 'চক্রান্তই' ধোপে টেকেনি বিরোধীদের। না হলে, বাংলায় ৬টি বিধানসভা আসনের উপ নির্বাচনে ৬টিতেই জেতে তৃণমূল কংগ্রেস? শুধু জিতল বললে হয়তো একটু কমই বলা হবে। সব আসনেই বিপুল ব্যবধানে জিতেছে শাসক দল।