প্রশংসার আড়ালে রাজনৈতিক খোঁচা, আর তার ফাঁকেই উঠে এল কুণালের দলের ভিতরে ‘ডেডিকেশন’-এর অভাব নিয়ে আত্মসমালোচনার সুর।

ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 1 October 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: শারদ উৎসবের (Durga Puja) ঢল নেমেছে চারিদিকে। ঠাকুর দেখা, ভিড়, আলো, আড্ডা—সব কিছুর মাঝেই কাঁচরাপাড়ার সিপিএমের বইয়ের স্টলের (CPM's book stall, Kanchrapara) সামনে হঠাৎ জমল অন্যরকম ভিড়!
কারণ? এক তরুণীর প্রাণময় নৃত্য (Young girl's dance)। কবি সুকান্ত ভট্টাচার্যর রানার কবিতার সঙ্গে ছন্দে তাল মিলিয়ে তাঁর উচ্ছ্বাস দেখে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষজন। মুহূর্তে বুকস্টলের সামনে তৈরি হল ছোট্ট মঞ্চ, দর্শকসারিতে উৎসুক জনতা।
সেই ভিডিও ঘুরে গেল সোশ্যাল মিডিয়ায়, পৌঁছে গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কাছেও। কেবল রাজনীতিক নন, সাংবাদিকতার চোখও আছে তাঁর। ফলে ভিডিও দেখে খোলাখুলি স্বীকারোক্তি করলেন কুণাল— “সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরমেন্স খুব ভালো লাগলো। যে কোনও দল যখন কঠিন সময়ে থাকে, তখন মেদ ঝরা উপস্থিতির এই তারুণ্যের ঝলক স্বাস্থ্যকর।"
তবে এখানেই শেষ নয়। একদিকে প্রশংসা করলেও রাজনৈতিক খোঁচাও দিতে ছাড়লেন না কুণাল। লিখলেন, “সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিবিরোধী ভোট নষ্ট করা। একটি ভোটও দেবেন না ওদের। কিন্তু নতুনরা এই ধরণের পারফরম করলে ভালো লাগে। একজন রাজনীতিমনস্ক তরুণী। মঞ্চ নয়, রাস্তাতেই সাধনা উজাড় করে দিচ্ছে।”
এর মধ্যেই নিজের দলের তরুণদের প্রতিও বার্তা ছুড়ে দিলেন তিনি, “আমার দলের নতুন প্রজন্মেও অনেকে আছে; তবু, এধরণের ডেডিকেশন আরও বাড়ানো দরকার।”
অর্থাৎ এক তরুণীর নাচকে সামনে রেখেই অনায়াসে রাজনীতির নতুন প্রশ্ন উস্কে দিলেন কুণাল। প্রশংসার আড়ালে রাজনৈতিক খোঁচা, আর তার ফাঁকেই উঠে এল কুণালের দলের ভিতরে ‘ডেডিকেশন’-এর অভাব নিয়ে আত্মসমালোচনার সুর।