
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 December 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: ইন্টারভিউ দিতে গিয়ে যৌন লালসার শিকার! রেহাই পেতে ব্লেড দিয়ে অভিযুক্তর যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা। কোন্নগরের মনসাতলা এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোরগোল তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি কোন্নগরের একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানেই এসি, টিভি রিপেয়ারিং এবং কিচেন চিমনি রিপেয়ারিং-এর কাজ করেন তিনি। এদিন নিজের ওই রিপেয়ারিং শপে রিসেপশনিস্টের জন্য উত্তর পাড়ার এক মহিলাকে ডেকেছিলেন তিনি।
মহিলার দাবি, তিনি স্বামীকে নিয়ে সেখানে যান। কিন্তু স্বামীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দেন অভিযুক্ত।
মহিলার অভিযোগ, "একটি চেয়ারে বসতে দেওয়া হয়েছিল। হঠাৎই পিছন থেকে অভিযুক্ত জাপটে জড়িয়ে ধরে। অভিযুক্ত ব্যক্তির গায়ে কোনও কাপড় ছিল না। জামাকাপড় ছিড়ে দেয়।" নিজেকে বাঁচাতে সামনে থাকা ব্লেডে করে অভিযুক্তর যৌনাঙ্গে আঘাত করেন মহিলা।
পরে চিৎকার টেঁচামেচি দেখে বাইরে এসে স্থানীয়রা দেখেন, এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। পাশে আর এক ব্যক্তি নগ্ন, তাঁর যৌনাঙ্গ থেকে রক্ত পড়ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলা এবং তাঁর স্বামীকেও থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ওই মহিলা অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চিৎকার করছিলেন।