দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তারা পর্যবেক্ষণ করছেন যাতে আগুন পাশের বৈদ্যুতিক সরঞ্জাম বা দোকানগুলিতে ছড়িয়ে না পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফের শহরে আগুন!
শেষ আপডেট: 26 October 2025 23:08
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata Fire Incident)। মানিকতলার কবিরাজ বাগান এলাকায় একটি কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে (Maniktala Fire Incident)। পাশাপাশি আগুন যাতে পাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার মিটার রুম থেকেই আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশে। কালো ধোঁয়া চারপাশ ঢেকে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ নেয়।
দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তারা পর্যবেক্ষণ করছেন যাতে আগুন পাশের বৈদ্যুতিক সরঞ্জাম বা দোকানগুলিতে ছড়িয়ে না পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে দমকলের সদস্যরা সতর্কভাবে কাজ চালাচ্ছেন।
কয়েকদিন আগেই আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে কার্যত ধ্বংসযজ্ঞ হয়। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই ঘটনার প্রভাব কাটতে না কাটতেই ফের মানিকতলায় বড় আগুনের ঘটনা ঘটল।
স্থানীয়রা স্বাভাবিকভাবেই আতঙ্কিত। কেউ কেউ জানাচ্ছেন, আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। স্থানীয় পুলিশ ও দমকলের তৎপরতা অনেক মানুষের জীবন রক্ষা করেছে। তবে কারখানার ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। দমকলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা হবে।