
ফ্লাইওভারের মাথায় যুবক
শেষ আপডেট: 9 June 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মের দাবদাহে জ্বলেপুড়ে যাচ্ছে গোটা শহর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না প্রায় কেউই। তারই মধ্যে রবিবার দুপুরে কলকাতায় ঘটে গেল এক বিপত্তি। মা ফ্লাইওভারের চার নম্বর ব্রিজের উপরে চড়ে পড়লেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।
প্রচণ্ড রোদেগরমে মানুষের এমনিতেই নাজেহাল অবস্থা। তার মধ্যে এই কাণ্ডের খবর পেয়ে ছুটে আসে পুলিশ, দমকল। অনেক চেষ্টার পরে নামানো হয় তাঁকে। এখনও নাম-পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির। কেন তিনি এই কাণ্ড ঘটালেন, তাও এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, মানসিক সমস্যার জেরেই এমনটা ঘটেছে।
প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় মা ফ্লাইওভারে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০২২ সালের মে মাসে মা ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। তার আগে ২০২১ সালেও মা ফ্লাইওভার থেকে আত্মহত্যার ঘটনা ঘটে।
এমনকি কিছুদিন আগেই, ফেব্রুয়ারি মাসে মা ফ্লাইওভারের আর্চের উপরে উঠে পড়েন এক যুবক। সেখান থেকেই দেন আত্মহত্যার হুমকি। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি। অনেক চেষ্টার পর নামানো হয় ওই যুবককে। সকলের নজর এড়িয়ে ওই যুবক কীভাবে মা ফ্লাইওভারের মাথায় উঠলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিস্তর।
কিন্তু চার মাসের মাথায় ফের একই কাণ্ড ঘটে গেল। ফলে আবারও প্রশ্নের মুখে মা ফ্লাইওভারের সুরক্ষা।